20.2 C
London
April 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে বছরে ১৮০ পাউন্ড লাইসেন্স ফি, সমালোচনার মুখে বিবিসি কর্তৃপক্ষ

যুক্তরাজ্যে টেলিভিশন লাইসেন্স ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ব্রিটিশ ব্রডকাস্টার বিবিসির বিদায়ী ডিরেক্টর জেনারেল টিম ডেভি লাইসেন্স ফি বৃদ্ধির পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, প্রতিষ্ঠানটি বর্তমানে আস্থার সংকটে থাকলেও সঠিক মূল্য দিতে পারলে এই মডেল টিকে থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ এপ্রিল থেকে একটি স্ট্যান্ডার্ড রঙিন টিভি লাইসেন্সের বার্ষিক ফি বেড়ে দাঁড়াবে ১৮০ পাউন্ড। ২০২২ সালের লাইসেন্স ফি সেটেলমেন্ট অনুযায়ী এ বৃদ্ধি কার্যকর হচ্ছে। এতে বছরে ৫.৫০ পাউন্ড বাড়ছে এবং মাসিক গড় খরচ দাঁড়াচ্ছে প্রায় ১৫ পাউন্ড, যা অনেক জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনের চেয়েও বেশি।
‘দ্য রেস্ট ইজ এন্টারটেইনমেন্ট’ পডকাস্টে টিম ডেভি বলেন, বর্তমান সময়ে শুধু বিবিসি নয়, অনেক প্রতিষ্ঠানই আস্থার সংকটে পড়েছে। তার মতে, মানুষের বিশ্বাস তখনই তৈরি হয় যখন তারা মনে করে কোনো প্রতিষ্ঠান তাদের স্বার্থে কাজ করছে এবং তাদের মতামত গুরুত্ব দিয়ে শুনছে।
ডেভির ভাষায়, পুরোনো ধরনের সম্প্রচার ব্যবস্থায় কেবল তথ্য প্রচার করা হতো, কিন্তু আধুনিক সময়ে দর্শক-শ্রোতারা আরও বেশি অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব আশা করেন। তিনি স্বীকার করেন, অতীতে বিভিন্ন সময়ে বিবিসি-সহ অন্যান্য প্রতিষ্ঠান নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলো দেখেছে, যার ফলে সমালোচনা তৈরি হয়েছে।
তবে তিনি মনে করেন, যদি বিবিসি প্রতিটি পরিবারের জন্য প্রকৃত মূল্য দিতে পারে, তাহলে লাইসেন্স ফি বাড়ানো নিয়ে বড় সমস্যা হওয়ার কথা নয়। তার মতে, এমন একটি মডেল যেখানে সবাই ন্যায্যভাবে অবদান রাখে এবং সবার জন্য সেবা নিশ্চিত হয়—তা ভবিষ্যতের জন্যও কার্যকর হতে পারে।
এদিকে সম্প্রতি একটি প্যানোরোমা ডকুমেন্টারি ঘিরে বড় ধরনের বিতর্কের মুখে পড়েছে বিবিসি। অভিযোগ উঠেছে, ওই ডকুমেন্টারিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ভাষণ সম্পাদনার মাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যাতে মনে হয় তিনি ২০২১ সালের ইউনাইটেড স্টেইট ক্যাপিটল এটাকে হামলা উসকে দিয়েছিলেন।
ফাঁস হওয়া এক অভ্যন্তরীণ মেমোতে দাবি করা হয়েছে, ট্রাম্পের ভাষণের দুটি আলাদা অংশ একত্রে জুড়ে এমন ধারণা তৈরি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ট্রাম্প বিবিসির বিরুদ্ধে বহু বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছেন। মামলাটির বিচার শুরু হওয়ার কথা ২০২৭ সালের ফেব্রুয়ারিতে।
এই প্রেক্ষাপটে টিম ডেভি স্বীকার করেন যে বিবিসি অতীতে কিছু ভুল করেছে, এমনকি কখনও গুরুতর ভুলও হয়েছে। তবে তার দাবি, অনেক সময় একটি বিচ্ছিন্ন ঘটনার ওপর অতিরিক্ত জোর দিয়ে পুরো প্রতিষ্ঠানের কাজকে প্রশ্নবিদ্ধ করা হয়, যা বাস্তবতার পূর্ণ চিত্র তুলে ধরে না।
সূত্রঃ মিরর
এম.কে

আরো পড়ুন

মানবাধিকার আইন সংস্কারে যুক্তরাজ্যের ঘোষণা, জনগণের আস্থা ফেরাতে উদ্যোগ

“ব্রিটিশ মুসলমানদের প্রতি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রক্ষণশীলরা”

অনলাইন ডেস্ক

প্রিন্সেস ডায়ানার মূর্তি উন্মোচনে একত্রিত প্রিন্স উইলিয়াম ও হ্যারি