28.4 C
London
July 10, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে শিশুদের ভেপিং রোধে কড়াকড়িঃ প্লেইন প্যাকেজিং ও ফ্লেভার নিয়ন্ত্রণের প্রস্তাব

শিশু ও কিশোরদের মধ্যে ভেপিংয়ের প্রসার রোধে ই-সিগারেটের প্যাকেজিং, রং ও ফ্লেভার বর্ণনায় কঠোর নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ ১২ সপ্তাহব্যাপী জনপরামর্শ শুরু করেছে।

প্রস্তাবিত ব্যবস্থার আওতায় ভেপ পণ্যকে সাধারণ বা প্লেইন প্যাকেজিংয়ে বিক্রি করা, ডিভাইসের রং সাদা, কালো বা ধূসর রঙে সীমিত রাখা এবং খুচরা দোকানে সেগুলোকে দৃষ্টির আড়ালে রাখার কথা বলা হয়েছে। একই সঙ্গে মিষ্টি, ডেজার্ট বা অ্যালকোহল-অনুপ্রাণিত ফ্লেভারের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে; তবে “আপেল” ধরনের সাধারণ ফলভিত্তিক নাম অনুমোদিত থাকতে পারে।

সরকারি তথ্য অনুযায়ী, ব্রিটেনে ১১ থেকে ১৭ বছর বয়সীদের প্রায় এক-পঞ্চমাংশ অন্তত একবার ভেপ ব্যবহার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী জেমস মারে বলেন, রঙিন মোড়ক ও শিশুদের আকৃষ্ট করতে পারে এমন বিপণন পদ্ধতি নিরুৎসাহিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য, যাতে নতুন প্রজন্ম নিকোটিন আসক্তি থেকে সুরক্ষিত থাকে।

শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ধূমপানবিরোধী সংগঠনগুলো প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। গবেষণায় দেখা গেছে, সাধারণ প্যাকেজিং তরুণদের ভেপের প্রতি আগ্রহ কমাতে পারে, যদিও প্রাপ্তবয়স্কদের ক্রয়-আচরণে এর উল্লেখযোগ্য প্রভাব পড়ে না। একই সঙ্গে বিশেষজ্ঞরা স্মরণ করিয়ে দিয়েছেন যে ভেপ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না হলেও তা প্রচলিত সিগারেটের তুলনায় কম ক্ষতিকর এবং অনেক ধূমপায়ীকে ধূমপান ত্যাগে সহায়তা করেছে।

উল্লেখ্য যে, পরামর্শ প্রক্রিয়া শেষে সরকার চূড়ান্ত নীতিমালা নির্ধারণ করবে বলে জানা গিয়েছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

আবাসনের জন্য যুক্তরাজ্যে কঠিন সংগ্রামে লিপ্ত বিদেশি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের হোটেল সংকটঃ সরকারের বিলম্বে রিফর্ম এগোচ্ছে জনমত জরিপে

ইংল্যান্ডের প্রতিটি কাউন্সিলে চালু হচ্ছে ‘ফ্যামিলি হাব’, সহায়তা পাবে ৫ লাখ শিশু