13.1 C
London
October 6, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে সেলফ অ্যাসেসমেন্টে নিবন্ধনের শেষ দিন পেরিয়েছেঃ করদাতাদের সতর্কবার্তা

যুক্তরাজ্যের রাজস্ব ও শুল্ক কর্তৃপক্ষ এইচএমআরসি ৫ অক্টোবরের মধ্যে সেলফ অ্যাসেসমেন্টে নিবন্ধন না করা ব্যক্তিদের মঙ্গলবার ৬ অক্টোবর থেকে চিঠি পাঠানো শুরু করবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন না করলে জরিমানার মুখেও পড়তে হতে পারে।
যাদের আগের করবর্ষের জন্য ট্যাক্স রিটার্ন জমা দেওয়া প্রয়োজন, কিন্তু আগে কখনো সেলফ অ্যাসেসমেন্টে নিবন্ধন করেননি, তাদের ৫ অক্টোবরের মধ্যে এইচএমআরসিকে বিষয়টি জানাতে বলা হয়েছিল। নিবন্ধনের পর ২০২৭ সালের ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আগের করবর্ষের ট্যাক্স রিটার্ন জমা দেওয়া এবং বকেয়া কর পরিশোধের সময় রয়েছে।
৫ অক্টোবরের সময়সীমা মিস করলে এইচএমআরসি নতুন সময়সীমা উল্লেখ করে চিঠি পাঠাবে। একই সঙ্গে ‘ফেইলিউর টু নোটিফাই’ বা নির্ধারিত সময়ে কর কর্তৃপক্ষকে না জানানোর জন্য জরিমানা আরোপ করা হতে পারে। তবে নতুন সময়সীমা পাওয়া গেলেও ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে বকেয়া কর পরিশোধের মূল সময়সীমা পরিবর্তন হবে না।
এইচএমআরসি জানিয়েছে, ৬ এপ্রিল থেকে পরবর্তী বছরের ৫ এপ্রিল পর্যন্ত করবর্ষে কোনো ব্যক্তি একক ব্যবসায়ী হিসেবে ১ হাজার পাউন্ডের বেশি আয় করলে তাকে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন জমা দিতে হতে পারে। ব্যবসায়িক অংশীদারত্বের সঙ্গে যুক্ত ব্যক্তি, সম্পদ বিক্রি করে মূলধনী কর দেওয়ার প্রয়োজন হয়েছে এমন ব্যক্তি এবং নির্দিষ্ট ক্ষেত্রে শিশু সুবিধার অতিরিক্ত কর দিতে হয় এমন ব্যক্তিদেরও ট্যাক্স রিটার্ন জমা দিতে হতে পারে।
এ ছাড়া বাড়ি ভাড়া থেকে আয়, বকশিশ ও কমিশন, সঞ্চয়ের সুদ, লভ্যাংশ বা বিদেশি আয়সহ কর পরিশোধ করা হয়নি—এমন আয় থাকলেও সেলফ অ্যাসেসমেন্টের প্রয়োজন হতে পারে।
এইচএমআরসি জানিয়েছে, ৫ অক্টোবরের পর কেউ সেলফ অ্যাসেসমেন্টে নিবন্ধন করলে তাকে চিঠি বা ইমেইলের মাধ্যমে আলাদা সময়সীমা জানানো হবে। সাধারণত ওই চিঠিতে উল্লেখিত তারিখ থেকে তিন মাসের মধ্যে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। তবে করের অর্থ ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যেই পরিশোধ করতে হবে।
এইচএমআরসি আরও জানিয়েছে, ৫ অক্টোবরের পর নিবন্ধন করে ৩১ জানুয়ারির মধ্যে পুরো কর পরিশোধ না করলে ‘ফেইলিউর টু নোটিফাই’ জরিমানা হতে পারে। জরিমানার পরিমাণ বকেয়া করের ওপর নির্ভর করবে এবং সেলফ অ্যাসেসমেন্ট রিটার্ন পাওয়ার পরবর্তী ১২ মাসের মধ্যে এ বিষয়ে নোটিশ পাঠানো হতে পারে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

আরো পড়ুন

ব্রিটিশ কিশোর-কিশোরীদের আত্মহত্যার অনলাইনে গ্রুপ!

নিউজ ডেস্ক

ফাঁস হতে পারে ডায়ানার গোপন প্রেমের চিঠি

ব্রিটেনের রাস্তায় অন্ধ যাত্রীকে ফেলে যাওয়ায় ট্যাক্সি চালকের শাস্তি

নিউজ ডেস্ক