7 C
London
March 27, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম নিষিদ্ধে লর্ডসভায় জোর সমর্থন

যুক্তরাজ্যের হাউস অব লর্ডস ১৬ বছরের কম বয়সীদের জন্য অস্ট্রেলিয়া-ধাঁচের সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। ২৬৬ বনাম ১৪১ ভোটে লর্ডরা সরকারের জনমত যাচাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সামাজিক মাধ্যম নিষেধাজ্ঞা চালুর আগে জনপরামর্শের প্রস্তাব দিয়েছিলেন। তবে লর্ডসভা মনে করছে, এ ধরনের বিলম্ব শিশুদের জন্য ঝুঁকি আরও বাড়াচ্ছে।
কনজারভেটিভ দলের সাবেক মন্ত্রী লর্ড ন্যাশ বলেন, এই ভোট সরকারের প্রতি একটি “স্পষ্ট ও দ্ব্যর্থহীন বার্তা”। তিনি বলেন, “অর্ধেক পদক্ষেপ বা ফাঁপা প্রতিশ্রুতি যথেষ্ট নয়, এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষে একই প্রস্তাব নাকচ হয়েছিল। তবে দ্বিতীয়বারের মতো উত্থাপিত প্রস্তাবে আরও বেশি সমর্থন পাওয়া যায়, যা সরকারের ওপর চাপ বাড়িয়েছে।

ভোটের সময় গ্যালারিতে উপস্থিত ছিলেন বহু অভিভাবক, যারা সামাজিক মাধ্যমের প্রভাবে তাদের সন্তানদের হারিয়েছেন। লর্ড ন্যাশ বলেন, “দেরি করলে তার ভয়াবহ পরিণতি হয়।”

এই বিতর্কের পটভূমিতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি আদালতের রায়ও নতুন করে আলোচনায় এসেছে। সেখানে মেটা এবং ইউটিউবের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় যে তারা আসক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করেছে, যা এক তরুণীর মানসিক স্বাস্থ্যের ক্ষতি করেছে।

রায়ে গুগলের মালিকানাধীন ইউটিউব এবং মেটাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে চলমান হাজারো অনুরূপ মামলার ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

লর্ড ন্যাশ বলেন, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্টের বিষয়ে দায়িত্বহীন আচরণ করেছে। তার মতে, এই রায় প্রমাণ করে যে প্ল্যাটফর্মগুলো সচেতনভাবেই ব্যবহারকারীদের আসক্ত করে তোলার জন্য তৈরি করা হয়েছে।

এদিকে শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ ও স্বতন্ত্র সদস্য লেডি ক্যাস সরকারের সমালোচনা করে বলেন, তারা সামাজিক মাধ্যমের প্রভাবকে খুব সীমিতভাবে দেখছে।
তিনি বলেন, “শুধু মানসিক দিক নয়, বাস্তব জীবনে যে ক্ষতি হচ্ছে তা বিবেচনায় নেওয়া প্রয়োজন। স্কুল, চিকিৎসা কেন্দ্র এবং পরিবারগুলোর অভিজ্ঞতায় বারবার সেই ক্ষতির চিত্র উঠে আসছে।”

সব মিলিয়ে, লর্ডসভায় এই ভোট শিশু সুরক্ষায় কঠোর নীতিমালার পক্ষে শক্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে এবং এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর সবার।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

ম্যাকসুইনির পদত্যাগ, ম্যান্ডেলসন নিয়োগে স্টারমারকে পরামর্শ দেওয়ার পূর্ণ দায় স্বীকার

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে ছুরিকাঘাতে খুন!

ফস্টার কেয়ারারের ঘাটতিঃ যুক্তরাজ্যে গুরুতর সংকটের হুঁশিয়ারি বার্নার্ডোসের