TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের ফিলিস্তিনপন্থী মুসলিম সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করল মিসর

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ আয়োজনের সঙ্গে যুক্ত মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেনকে (এমএবি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে মিসর। তবে মিসরের এই পদক্ষেপের পরও যুক্তরাজ্যে সংগঠনটির কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। বিষয়টি নিয়ে ব্রিটিশ সরকারের ভূমিকা এবং সংগঠনটির কথিত চরমপন্থী সংশ্লিষ্টতা পর্যালোচনার দাবি উঠেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, কায়রোর একটি ফৌজদারি আদালত চলতি সপ্তাহে এমএবিসহ মোট ৩৫টি সংগঠনকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একই তালিকায় ৩৬ জন ব্যক্তির নামও রয়েছে। তাদের মধ্যে এমএবির দুই জ্যেষ্ঠ ব্যক্তিত্ব ড. আনাস আলতিকরিতি ও আহমেদ আল-রাওয়িও রয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে ৩০টির বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এমএবি। সংগঠনটি বামপন্থী বিভিন্ন সংগঠনের জোট স্টপ দ্য ওয়ার কোয়ালিশনের অংশীদার হিসেবেও কাজ করেছে।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, এমএবির সাবেক সভাপতি ও পরিচালক হিসেবে তালিকাভুক্ত ড. আনাস আলতিকরিতি ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি নাগরিকদের হত্যা ও ধর্ষণের ঘটনাকে তিনি মিথ্যা বলে অভিহিত করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জিম্মি করাকে প্রতিরোধের কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি মন্তব্য করেছিলেন।

এমএবির আরেক জ্যেষ্ঠ ব্যক্তিত্ব আহমেদ আল-রাওয়ি ২০০৪ সালে ইরাকে অবস্থানরত ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধকে বৈধ বলে মন্তব্য করেছিলেন। তার বক্তব্য ছিল, কোনো জনগোষ্ঠী দখলদারত্বের শিকার হলে তাদের প্রতিরোধের অধিকার রয়েছে। তিনি বলেছিলেন, শান্তিপূর্ণ প্রতিরোধকে তিনি পছন্দ করেন, তবে অন্য পদ্ধতিতে প্রতিরোধের সিদ্ধান্ত জনগণের নিজস্ব বিষয়।

সংগঠনটির প্রতিষ্ঠার ইতিহাস নিয়েও প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে। ১৯৯৭ সালে হামাসের সাবেক নেতা মুহাম্মদ কাথেম সাওয়ালহাসহ কয়েকজন মিলে এমএবি প্রতিষ্ঠা করেন বলে ডেইলি মেইল জানিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পাঁচ সপ্তাহ পর ১১ নভেম্বর লন্ডনে আয়োজিত ফিলিস্তিনপন্থী বিক্ষোভেও সংগঠনটি ভূমিকা রেখেছিল। ওই বিক্ষোভে কিছু বিক্ষোভকারীর হাতে ইহুদিবিদ্বেষী বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড দেখা যাওয়ার অভিযোগ ওঠে।

তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান ওই বিক্ষোভের কিছু স্লোগান, প্ল্যাকার্ড ও প্রদর্শিত সামগ্রীকে ‘গভীর উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছিলেন। তার ভাষায়, সেখানে কিছু বক্তব্য ছিল অসুস্থতাপূর্ণ, উসকানিমূলক এবং কয়েকটি ক্ষেত্রে স্পষ্টতই অপরাধমূলক।

এমএবির সাবেক সহসভাপতি মোহাম্মদ কোজবারের বিরুদ্ধেও অতীতে সমালোচনা হয়েছিল। ২০১৫ সালে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের সমাধি পরিদর্শনের সময় তাকে ‘প্রতিরোধের শহীদদের নেতা’ হিসেবে অভিহিত করেছিলেন কোজবার। তিনি লন্ডনে মেট্রোপলিটন পুলিশের কমিউনিটি সম্পৃক্ততা কার্যক্রমের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পোস্ট পর্যালোচনার পর পুলিশ তার সঙ্গে আনুষ্ঠানিক সম্পৃক্ততা বন্ধ করে দেয়।

এদিকে, এমএবির সাবেক জ্যেষ্ঠ সদস্য ও মুখপাত্র আজ্জাম তামিমি নিজেকে হামাসের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনে বোমা হামলার পর ফিলিস্তিনিদের আত্মঘাতী বোমা হামলার সঙ্গে যুক্তরাজ্য ও স্পেনের হামলার পার্থক্য রয়েছে বলেও তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন।

মিসরের আদালত এবার ইউরোপের ইসলামিক সংগঠনগুলোর ফেডারেশনকেও সন্ত্রাসী তালিকাভুক্ত করেছে। মুসলিম ব্রাদারহুডের উদ্যোগে প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে এমএবিও রয়েছে। এর এক দিন আগে মুসলিম ব্রাদারহুডকেও স্থায়ী সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে মিসরের আদালত।

এর আগে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতও এমএবি এবং ড. আনাস আলতিকরিতির প্রতিষ্ঠিত কর্ডোবা ফাউন্ডেশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল। তবে এমএবি মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে।

যুক্তরাজ্য সরকারও এর আগে সংগঠনটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। ২০২৪ সালের মার্চে তৎকালীন লেভেলিং আপ মন্ত্রী মাইকেল গভ পার্লামেন্টে এমএবির নাম উল্লেখ করে বলেছিলেন, সংগঠনটি মুসলিম ব্রাদারহুডের ব্রিটিশ সহযোগী এবং এর ইসলামপন্থী অবস্থান ও দৃষ্টিভঙ্গি উদ্বেগের কারণ। সরকার সংগঠনটির কর্মকাণ্ড পর্যালোচনা করে চরমপন্থার সংজ্ঞার আওতায় পড়ে কি না, তা মূল্যায়ন করবে বলেও তিনি জানিয়েছিলেন।

যুক্তরাজ্যের ২০১৫ সালের মুসলিম ব্রাদারহুডবিষয়ক সরকারি পর্যালোচনাতেও এমএবি ও কর্ডোবা ফাউন্ডেশনের সঙ্গে সংগঠনটির সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছিল।

এমএবির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লেবার এগেইনস্ট অ্যান্টিসেমিটিজমের সহপরিচালক অ্যালেক্স হার্ন। ডেইলি মেইলকে তিনি বলেন, সংগঠনটির প্রতিষ্ঠাতাদের একজন হামাসের সাবেক নেতা এবং এর সদস্যদের কেউ কেউ ৭ অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় নিহত পরিবারগুলোর হত্যাকাণ্ডের প্রশংসা করেছেন। এ পরিস্থিতিতে সরকারের নীরবতা ও নিষ্ক্রিয়তা গ্রহণযোগ্য নয়।

স্কটল্যান্ড ইয়ার্ডের সাবেক কাউন্টার টেররিজম কমান্ড প্রধান পিটার ক্লার্ক বলেন, মিসরের এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থাগুলোর নজর এড়াবে না। কায়রো কর্তৃপক্ষ যে প্রমাণের ভিত্তিতে সংগঠনটিকে তালিকাভুক্ত করেছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থাগুলো তা গভীরভাবে পর্যালোচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করেছে মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১৯৯৭ সালে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তের ২০০ জনের বেশি মুসলিম নেতার অংশগ্রহণে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি নিজেদের একটি তৃণমূলভিত্তিক ব্রিটিশ মুসলিম প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেছে, যুক্তরাজ্যে সবার জন্য ন্যায়সংগত ও ন্যায্য সমাজ প্রতিষ্ঠায় তারা কাজ করে।

বিবৃতিতে আরও বলা হয়, ব্রিটিশ মুসলিম সংগঠনগুলোকে কোনো বিশাল আন্তর্জাতিক নেটওয়ার্কের অংশ হিসেবে উপস্থাপনের চেষ্টা বিদ্বেষপূর্ণ ও ইসলামবিদ্বেষী প্রচারণা। মিসরের বিচারব্যবস্থার সমালোচনা করে এমএবি বলেছে, দেশটির আদালত যথাযথ শুনানি ও প্রমাণ যাচাই ছাড়াই ব্যক্তিদের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করে। সংগঠনটির দাবি, এ ধরনের তালিকা রাজনৈতিক বিরোধীদের দমন এবং শান্তিপূর্ণ আন্দোলনকে অপরাধ হিসেবে চিহ্নিত করার হাতিয়ার।

প্রতিবেদন প্রকাশের সময় এ বিষয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বক্তব্য জানতে যোগাযোগ করেছিল ডেইলি মেইল। তবে প্রতিবেদনটিতে দপ্তরের কোনো জবাব প্রকাশ করা হয়নি।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

এনএইচএসে নজিরবিহীন সংকটঃ প্রতিদিন প্রায় ৩ হাজার রোগীর চিকিৎসা করিডোরে

লন্ডনে প্রতিবন্ধীদের চাকরির সুযোগ বাড়াতে মেয়র সাদিক খানের হাতে আরও ক্ষমতা

কঙ্গোতে প্রাণঘাতী ইবোলা মহামারিঃ যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞের