TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যের লুটনে ই-বাইক চালক আহমদজাই সাফিকে হত্যার ঘটনায় আরও চারজন গ্রেপ্তার

যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের লুটনে ১৯ বছর বয়সী ই-বাইক চালক আহমদজাই সাফিকে হত্যার ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ সেপ্টেম্বর ড্যালো রোডে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হয়। তবে কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। এ ঘটনায় হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে বেডফোর্ডশায়ার, কেমব্রিজশায়ার ও হার্টফোর্ডশায়ার পুলিশের মেজর ক্রাইম ইউনিট।

 

নিহত আহমদজাই সাফি আফগান বংশোদ্ভূত এবং পশতুন আহমদজাই গোত্রের সদস্য ছিলেন। ১৮ সেপ্টেম্বর রাত ১০টা ৫০ মিনিটের কিছুক্ষণ পর লুটনের ড্যালো রোডে তাকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়।

এ ঘটনায় এর আগে ২০ বছর বয়সী দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং পরবর্তী আদালত শুনানির অপেক্ষায় আছেন।

পুলিশ জানায়, গত ৪ থেকে ৮ নভেম্বরের মধ্যে ৬০ বছর বয়সী একজন এবং ২০ বছর বয়সী আরও তিনজনকে অপরাধ সংঘটনে সহায়তার সন্দেহে গ্রেপ্তার করা হয়। তবে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর চারজনকেই পরবর্তী তদন্তের শর্তে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে এখনো হত্যার অভিযোগ আনা হয়নি।

পুলিশের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আহমদজাইয়ের পরিবার তাকে অত্যন্ত বিনয়ী, সৎ, ধৈর্যশীল ও নীতিবান তরুণ হিসেবে বর্ণনা করেছে।

পরিবারের ভাষায়, ‘আহমদজাই ছিলেন দয়ালু, সৎ এবং নীরব শক্তির অধিকারী একজন তরুণ। তিনি সততার সঙ্গে জীবনযাপন করেছেন, বিনয়ের সঙ্গে চলেছেন এবং জীবনের প্রতিকূলতাগুলো ধৈর্য ও মর্যাদার সঙ্গে মোকাবিলা করেছেন। তার কোমল মন, দৃঢ় নীতি ও অবিচল বিশ্বাস পরিবার, বন্ধু এবং পরিচিত সবার মনে স্থায়ী ছাপ রেখে গেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আহমদজাই আমাদের স্মৃতিতে সবসময় জীবন্ত ও ভালোবাসার মানুষ হয়ে থাকবেন। তাকে কয়েকটি শব্দে বর্ণনা করা সম্ভব নয়, কয়েক বছরের হিসাবেও তার জীবনের গভীরতা মাপা যাবে না। ছোট ছোট মুহূর্তে তার ভালোবাসা ও দয়া প্রকাশ পেত। অন্যদের কঠিন সময়ে তার শক্তি ও সহমর্মিতা পাশে দাঁড়াত। আমাদের সঙ্গে তার সময় খুব অল্প হলেও তার ভালোবাসা ও মূল্যবোধ চিরকাল বেঁচে থাকবে।’

বেডফোর্ডশায়ার পুলিশের মেজর ক্রাইম ইউনিটের গোয়েন্দা কর্মকর্তা ডিটেকটিভ ইন্সপেক্টর কেইভা টেলর বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের চিন্তা ও সমবেদনা আহমদজাইয়ের পরিবারের সঙ্গে রয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত আছে। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে অথবা ঘটনার সময় ওই এলাকার ড্যাশক্যাম কিংবা সিসিটিভি ফুটেজ থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করছি।’

পুলিশের তদন্তে সহায়তার জন্য প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ড্যালো রোডের সড়ক নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। প্রায় ১ দশমিক ৭ মাইল দীর্ঘ এই সড়কটি ডানস্টেবল রোড থেকে পশ্চিম দিকে বারি পার্ক হয়ে বিস্তৃত।

যুক্তরাজ্যের পরিবহন বিভাগের স্ট্যাটস১৯ তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই সড়কের ২০ মিটারের মধ্যে ৫২টি দুর্ঘটনা ঘটেছে, যাতে ৬৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন গুরুতর আহত এবং ২১ জন পথচারী ছিলেন।

তবে ওই পাঁচ বছরে এসব দুর্ঘটনার কোনোটিতেই প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে আহমদজাই সাফির মৃত্যু ওই এলাকার সাম্প্রতিক সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে প্রথম প্রাণঘাতী ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে দুজন হত্যার অভিযোগে কারাগারে রয়েছেন এবং অন্য চারজন জামিনে আছেন। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।

সূত্রঃ ডেইলি ড্যাজলিং ডন

এমকে

আরো পড়ুন

বাড়ির সামনে থেকে ব্রিটিশ নারী অপহরণঃ পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন নিহত

দোকানচুরিতে ব্রিটিশ চেইন শপের ক্ষতি বছরে ৯৪২ কোটি টাকা

যুক্তরাজ্যে বাড়ছে রাস্তায় রাত কাটানো মানুষের সংখ্যাঃ গবেষণা