TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ একাধিক দেশের অনাগ্রহঃ হাসিনাকে ফেরত পাঠানোই ভারতের একমাত্র পথ?

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিতে বিশ্বের কোনো দেশই আগ্রহ দেখাচ্ছে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। তার দাবি, ভারতে শেখ হাসিনার দীর্ঘদিনের অবস্থান ক্রমেই দেশটির সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন। এর কয়েক ঘণ্টা আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে নয়াদিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশকে একটি সামরিক বিমান পাঠানোর অনুরোধ জানাতে পারে ভারত। তবে এ ক্ষেত্রে ভারত নিশ্চয়তা চাইছে, বাংলাদেশে ফিরিয়ে আনার পর শেখ হাসিনা যেন তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ পান এবং ২০২৪ সালের জুলাইয়ে দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের মুখোমুখি হতে পারেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। তার অবস্থানকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন অব্যাহত রয়েছে।

নাজমুল হক দাবি করেন, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, বেলারুশ ও কাতারসহ বেশ কয়েকটি দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে আগ্রহী নয়। এমনকি আফ্রিকার কোনো দেশও তাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দেয়নি বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর বিষয়টি ভারত বিবেচনা করেছিল এবং এ নিয়ে কয়েকটি সরকারের সঙ্গে আলোচনাও করেছিল। কিন্তু সেই উদ্যোগ সফল হয়নি। বিবিসি বাংলার প্রতিবেদনের বরাত দিয়ে নাজমুল হক বলেন, ভারত এখন শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠানোকে সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হিসেবে বিবেচনা করছে।

তিনি আরও দাবি করেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যাওয়ার সিদ্ধান্তের কারণে ভারত শুধু বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও চাপের মুখে পড়ছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত একজন সাবেক নেতাকে আশ্রয় দেওয়ার বিষয়টি ভারতের জন্য ক্রমেই অস্বস্তিকর হয়ে উঠছে।

এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক সংকটের সময় শেখ হাসিনা ও তার পরিবারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব। তার অভিযোগ, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা পরিবারের সদস্যদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলেন, কিন্তু দলীয় নেতা-কর্মীদের অনিশ্চয়তা ও বিপদের মধ্যে রেখে গেছেন।

নাজমুল হকের অভিযোগ, নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করতে গিয়ে শেখ হাসিনা ও তার পরিবার আবারও তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝুঁকির মধ্যে ফেলছেন।

তিনি আওয়ামী লীগের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এমন কোনো কর্মকাণ্ডে যেন তারা জড়িত না হন, যার কারণে নিজেরা এবং তাদের পরিবারের সদস্যরা বিপদের মুখে পড়তে পারেন।

সূত্রঃ বিবিসি বাংলা

এমকে

আরো পড়ুন

বিদ্যুৎ বিল বকেয়াঃ একটি ইউনিট বন্ধ করে দিলো আদানি

বাংলাদেশিদের মেডিকেল ভিসা না দিয়ে চীনের জন্য পথ খুলে দিয়েছে ভারত

আত্মপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল ‘জনশক্তি’