11.9 C
London
October 16, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড পেলেন ড. ইউনূসঃ দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন তার হাতে এ পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, উদ্যোক্তা, শিক্ষক ও গবেষকসহ প্রায় ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। ড. ইউনূসের নাম ঘোষণার পর অতিথিরা দাঁড়িয়ে দীর্ঘ সময় করতালি দিয়ে তাকে সম্মান জানান।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের গ্যাস্টন হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকায় পাওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার প্রদান ও অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানানো হয়।

এ বছর ড. ইউনূসসহ মোট চারজনকে এই সম্মাননা দেওয়া হয়েছে। অন্য তিনজন হলেন ভারতের স্বনির্ভর নারী সংগঠন ‘সেবা’র পরিচালক রিমা নানাবতী, ফ্যাশন ডিজাইনার ও টোরি বার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা টোরি বার্চ এবং জর্ডানের ‘মাইক্রোফান্ড ফর উইমেন’-এর বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান। মুনা সুখতিয়ানকে বিশেষ ‘জর্জটাউন অ্যাম্বাসেডরস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

অনুষ্ঠানে ড. ইউনূসের কাজের প্রশংসা করেন হিলারি ক্লিনটন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তিনি নিজে দেখেছেন। এই ব্যাংকের মাধ্যমে নারীরা কীভাবে স্বাবলম্বী হয়েছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং ক্ষমতায়িত হয়েছেন, তা অভূতপূর্ব। শুধু বাংলাদেশের নারীদের মধ্যেই নয়, ড. ইউনূস তার কাজ সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

পুরস্কার গ্রহণের পর বক্তব্যে ড. ইউনূস তার কাজের ৫০ বছর পূর্তির কথা তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ ৫০ বছরের কাজের স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ অনুষ্ঠানের আয়োজন বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেবে এবং গ্রামীণ ব্যাংকের পরিবারকে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের ভূমিকা তুলে ধরে ড. ইউনূস বলেন, চরম দারিদ্র্যের মধ্যে থাকা মানুষকে নিজেদের পায়ে দাঁড়াতে সহায়তা করাই ছিল তাদের কাজের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা নিজেদের সামর্থ্য কাজে লাগাতে পারেন, নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারেন এবং পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারেন।

গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা নারীদের পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, একসময় যারা নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা প্রকাশ করতে সংকোচ বোধ করতেন, এখন তারা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের কথা তুলে ধরছেন। এসব নারী নিজেরাই ব্যাংকের কার্যক্রম পরিচালনা করেন এবং তারাই গ্রামীণ ব্যাংকের মালিক।

ঋণগ্রহীতাদের সন্তানদের কর্মসংস্থান প্রসঙ্গেও বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তোলা উচিত নয়; বরং তাদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। নিজের ব্যবসা প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় সামাজিক ব্যবসার ধারণাও তুলে ধরেন ড. ইউনূস। তার ভাষ্য অনুযায়ী, সামাজিক ব্যবসার মূল লক্ষ্য ব্যক্তিগত মুনাফা অর্জন নয়, বরং সামাজিক সমস্যার সমাধান করা। স্বাস্থ্যসেবা খাতে সামাজিক ব্যবসার তহবিল ব্যবহার করে বিভিন্ন এলাকায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হচ্ছে। এসব প্রতিষ্ঠানের উদ্বৃত্ত অর্থ আবার স্বাস্থ্যসেবা খাতেই বিনিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি।

শিক্ষাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন ড. ইউনূস। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা তরুণদের চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করছে, অথচ শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মানুষকে সৃজনশীল ও উদ্যোগী করে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব শুধু সনদ দেওয়া নয়, বরং উদ্যোক্তা তৈরি করাও হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এই লক্ষ্য বাস্তবায়নে চলতি বছরের শেষ নাগাদ ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ চালুর আশা প্রকাশ করেন ড. ইউনূস। তিনি বলেন, তিন শূন্যের পৃথিবী গড়ে তোলার পথে এই বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিতে পারে। তার উল্লেখ করা ‘তিন শূন্য’ ধারণার লক্ষ্য হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নিট কার্বন নিঃসরণ।

ড. ইউনূসের পরিকল্পনা অনুযায়ী, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শুধু সনদের পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার বিষয়ে উৎসাহিত করা হবে। ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় অর্থায়নসহ অন্যান্য সহায়তা নিশ্চিত করার উদ্যোগও থাকবে। শিক্ষাক্ষেত্রে এ উদ্যোগ একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সূত্রঃ বাসস

এমকে

আরো পড়ুন

দোয়ারাবাজারের জুমগাঁও

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

মৌলভীবাজারের রাজনগরে জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত