যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৮ বছরের কম বয়সীদের বিয়ে নিষিদ্ধ করে নতুন আইন করা হয়েছে। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আইনটি কার্যকর হবে। এর ফলে ক্যালিফোর্নিয়ায় বিয়ের ন্যূনতম বয়স হবে ১৮ বছর এবং অপ্রাপ্তবয়স্কদের বিয়ের ক্ষেত্রে আগে থাকা ব্যতিক্রমগুলো আর কার্যকর থাকবে না।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ১৮তম অঙ্গরাজ্য হিসেবে শিশুবিয়ে পুরোপুরি নিষিদ্ধ করতে যাচ্ছে। তবে দেশটির আরও ৩২টি অঙ্গরাজ্যে নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে ১৮ বছরের কম বয়সীদের বিয়ের সুযোগ এখনো রয়েছে। অঙ্গরাজ্যভেদে বয়সসীমা, অভিভাবকের সম্মতি এবং আদালতের অনুমোদনের নিয়ম ভিন্ন।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম আইনটিতে স্বাক্ষর করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন কোর্টনি স্টডেন, যিনি নিজেও অল্প বয়সে বিয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। ২০১১ সালে মাত্র ১৬ বছর বয়সে ৫০ বছর বয়সী হলিউড অভিনেতা ডগ হাচিসনের সঙ্গে তার বিয়ে হয়। পরে ২০২০ সালে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়।
কোর্টনি স্টডেন ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে শিশুবিয়ে বন্ধের দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন। তিনি তার অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরে শিশুদের বিয়ের ক্ষেত্রে আরও সুরক্ষার দাবি জানান। বিবিসিকে দেওয়া বক্তব্যে আরেক সাবেক শিশুবধূ ব্রিটানি বি বলেন, ১৭ বছর বয়সে নির্যাতনমূলক পারিবারিক পরিবেশ থেকে বেরিয়ে আসার চেষ্টা হিসেবে তার বিয়ে হয়েছিল। পরে তার অভিযোগ অনুযায়ী, প্রাপ্তবয়স্ক স্বামীর কাছ থেকেও তিনি নির্যাতনের শিকার হন।
নতুন আইন কার্যকর হওয়ার আগে ক্যালিফোর্নিয়া ছিল নিউ মেক্সিকো ও মিসিসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের মাত্র তিনটি অঙ্গরাজ্যের একটি, যেখানে বিয়ের জন্য আইনে নির্দিষ্ট কোনো ন্যূনতম বয়স ছিল না। সেখানে অভিভাবকের সম্মতি এবং বিচারকের অনুমোদনের মাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ ছিল। শিশুবিয়ে নিয়ে কাজ করা অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে বলে আসছেন, অপ্রাপ্তবয়স্করা বিয়ের মতো সিদ্ধান্তে পূর্ণাঙ্গ সম্মতি দেওয়ার অবস্থায় থাকে না।
ক্যালিফোর্নিয়ায় এর আগে ১৮ বছরের কম বয়সীদের বিয়ে সম্পূর্ণ নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হলেও তা বিরোধিতার মুখে পড়ে। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন, চিলড্রেনস ল’ সেন্টার এবং প্ল্যানড প্যারেন্টহুডসহ কয়েকটি সংগঠন আশঙ্কা জানিয়েছিল, সম্পূর্ণ নিষেধাজ্ঞা অপ্রাপ্তবয়স্কদের প্রজনন অধিকার ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত করতে পারে। পরে প্রস্তাবিত আইনে পরিবর্তন আনা হয়।
২০১৮ সালে ক্যালিফোর্নিয়ায় শিশুবিয়ের ক্ষেত্রে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়। এর মধ্যে ফ্যামিলি কোর্ট সার্ভিসেসের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থাও ছিল, যাতে জোরপূর্বক বিয়ে বা নির্যাতনের সম্ভাবনা শনাক্ত করা যায়।
নতুন আইনকে স্বাগত জানিয়েছেন শিশুবিয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়া আরও কয়েকজন। কোর্টনি স্টডেনও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে শিশুবিয়ে বন্ধ না হওয়া পর্যন্ত এ বিষয়ে প্রচারণা চালিয়ে যেতে চান।
ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার নতুন আইন কার্যকর হলে অঙ্গরাজ্যটিতে ১৮ বছরের নিচে কারও বিয়ের সুযোগ থাকবে না। তবে যুক্তরাষ্ট্রের ৩২টি অঙ্গরাজ্যে নির্দিষ্ট শর্তে অপ্রাপ্তবয়স্কদের বিয়ের সুযোগ থাকায় দেশজুড়ে শিশুবিয়ে নিয়ে আইনি ব্যবস্থায় এখনো বড় ধরনের পার্থক্য রয়েছে।
সূত্রঃ ডেইলি মিরর
এমকে

