11.3 C
London
October 23, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

রুবিওর সঙ্গে আম্বানির বৈঠকের ছবি ঘিরে বিতর্কঃ আলোচনায় মাস্কের ‘প্রধানমন্ত্রী আম্বানি’ মন্তব্য

ভারত সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির বৈঠকের একটি ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ছবিটি ঘিরে ভারতের রাজনীতি ও বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীগুলোর প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একই সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের পুরোনো ‘প্রধানমন্ত্রী আম্বানি’ মন্তব্য।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) রাতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে ছবিটি প্রকাশ করা হয়। এতে ভারতের জামনগরে অনানুষ্ঠানিক পরিবেশে মার্কো রুবিওর সঙ্গে বসে কথা বলতে দেখা যায় আম্বানিকে।

ভারত সফরের দ্বিতীয় পর্যায়ে রুবিও মুম্বাই ও জামনগর সফর করেন। এ সময় তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ভারতের শিল্প ও ব্যবসায়িক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও তার বৈঠক হয়।

রুবিওর সঙ্গে আম্বানির ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে অনেকে আম্বানিকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ এবং ভারতের ‘প্রকৃত কার্যত প্রধানমন্ত্রী’ বলে ব্যঙ্গ করেন। তাদের কেউ কেউ এই বৈঠককে ভারতের রাজনীতিতে বড় ব্যবসায়িক গোষ্ঠীগুলোর প্রভাবের সঙ্গে তুলনা করেন। তবে অন্যদের মতে, এটি ছিল একটি স্বাভাবিক ব্যবসায়িক বৈঠক।

এ ঘটনার পর ইলন মাস্কের আগের একটি মন্তব্য আবারও আলোচনায় আসে। চলতি মাসের শুরুতে ভারতের বাজারে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের বাণিজ্যিক কার্যক্রম নিয়ে আম্বানির সঙ্গে বিরোধের প্রেক্ষাপটে মাস্ক প্রশ্ন তুলেছিলেন, আম্বানিই কি ভারতের ‘প্রকৃত বস’?

পরবর্তী সময়ে ব্যঙ্গাত্মকভাবে আম্বানিকে ‘প্রধানমন্ত্রী আম্বানি’ বলেও সম্বোধন করেন মাস্ক। তার এই মন্তব্য ভারতের রাজনীতি ও ব্যবসায়িক প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিতর্কের জন্ম দেয়।

মাস্কের মন্তব্যের পর ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তাকে উদ্দেশ করে লেখেন, ‘ভারতে স্বাগতম, ইলন। অন্য লোকটির কথা জানার পর অপেক্ষা করুন।’

জবাবে মাস্ক বলেন, ‘ধন্যবাদ রাহুল। বিষয়টি সত্যিই উদ্বেগজনক।’

ভারতীয় রাজনীতিতে ব্যবসায়ী গৌতম আদানির প্রভাবের প্রসঙ্গেই রাহুল গান্ধী ওই মন্তব্য করেছিলেন বলে ব্যাপকভাবে ধারণা করা হয়। কংগ্রেস দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আদানির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলে আসছে।

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস\এপি

এমকে

আরো পড়ুন

ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত

ভারতে শিগগিরই ভূমিকম্প? ডাচ গবেষক, যিনি তুরস্ক-সিরিয়া ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন

নিউজ ডেস্ক

ব্রিটিশ অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনকে ক্যামেরনের পরামর্শ