23.9 C
London
May 30, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

রোমানিয়ায় রাশিয়ার ‘বেপরোয়া’ হামলা, ইইউ-ন্যাটোর কড়া নিন্দা

ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার একটি আবাসিক ভবনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ভবনে আগুন ধরে এবং এই ঘটনায় অন্তত দুইজন আহত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কর্মকর্তারা এবং ন্যাটো এই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে। শুক্রবার রোমানিয়ার গালাতি শহরে এই হামলা হয়েছে। এটি ইউক্রেন এবং মলদোভার পূর্বের সীমান্তে অবস্থিত।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন বলেছেন, রাশিয়া আগ্রাসনের আরও একটি লাইন অতিক্রম করেছে। অন্যদিকে, ন্যাটো এই ঘটনাকে রাশিয়ার ‘বেপরোয়া’ হিসেবে উল্লেখ করেছে।

বিবিসি বলছে, ইউক্রেনের সঙ্গে গত চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার ড্রোন কয়েকবার রোমানিয়ার সীমান্ত অতিক্রম করে। কিন্তু এই প্রথমবার রোমানিয়ার কোনো নাগরিক আহত হলো।

তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।

রোমানিয়ার জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ কর্তৃপক্ষ বলেছে, ড্রোনটির সম্পূর্ণ বিস্ফোরক বিস্ফোরিত হয়ে অ্যাপার্টমেন্ট ব্লকটির দশম তলায় আগুন ধরিয়ে দিয়েছে।

এনিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকুসর ড্যান দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন। রুশ ড্রোন হামলাকে তিনি রোমানিয়ার ভূখণ্ডে ঘটে যাওয়া ‘সবচেয়ে গুরুতর ঘটনা’ হিসেবে অভিহিত করেছেন।

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশে ড্রোন শনাক্ত হওয়ার পর দ্রুত দুইটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়ন করা হয়। তবে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ঘেওরঘে ম্যাক্সিম বলেন, ড্রোন শনাক্ত হওয়ার মুহূর্ত থেকে আঘাত হানার সময় পর্যন্ত মাত্র চার মিনিট সময় পাওয়া গিয়েছিল, যা প্রতিক্রিয়ার জন্য অত্যন্ত সীমিত ছিল।

এ ঘটনার পর দেশটি সীমান্ত অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারি চালাচ্ছে। রোমানিয়া বলছে, ইউক্রেন যুদ্ধ ঘিরে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি ক্রমেই বাড়ছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

সংযুক্ত আরব আমিরাত চালু করল নতুন ভিসা

শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

একবার শুক্রাণু দিলেই শিক্ষার্থীরা পাবেন লাখ টাকা