14.5 C
London
August 31, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফি হত্যাঃ প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার

লন্ডন প্রবাসী বোরহান উদ্দিন শফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে এবং মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

 

রোববার দুপুরে সিলেট জেলা পুলিশের মিডিয়া শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার মামলার প্রধান আসামি জকিগঞ্জের বাসিন্দা সাব্বির আহমেদ (২১) কে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দ্বিতীয় আসামি সৈয়দ মেহরাজ উজ সামাদ ওরফে শোভন (২০) কে নারায়ণগঞ্জের পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়। একইদিনে অপর আসামি তাহিরুল হক (২০) কে তার শ্বশুরবাড়ি লালাগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাহিরুলের কাছ থেকে নিহত শফির ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর সাব্বির ও শোভন আদালতে দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জানান, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। মামলার অন্যান্য আলামত জব্দ এবং সংশ্লিষ্ট আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখতে অভিযান অব্যাহত রয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মাসেরচক হাওর বিলপাড় এলাকা থেকে বোরহান উদ্দিন শফির (৫৯) সম্পূর্ণ আগুনে পোড়া মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুদিন পর জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ১৮ ফেব্রুয়ারি মামলাটি জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

নিহত বোরহান উদ্দিন শফি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বাসিন্দা হলেও সিলেট নগরীর আম্বরখানা এলাকার ৩৪/৪১ নম্বর বাসায় বসবাস করতেন। তিনি লন্ডন প্রবাসী ছিলেন। গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন। এ ঘটনায় তার স্বজনরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পেছনের ঘটনাপ্রবাহ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বাফুফে সাধারণ সম্পাদককে ২ বছর নিষিদ্ধ করলো ফিফা

বিশ্ববাজারে যৌথভাবে হালাল পণ্য উৎপাদন করতে পারে মালয়েশিয়া-বাংলাদেশঃ ড. ইউনূস

জামায়াতে যোগ দিয়ে হিন্দু সম্প্রদায়ের চমকপ্রদ ঘোষণা

নিউজ ডেস্ক