যুক্তরাজ্যের লন্ডনের পূর্বাঞ্চলীয় রমফোর্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে। ঘটনাটিতে ডিম নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, স্থানীয় সময় সোমবার দুপুরে এলম পার্ক এলাকার একটি টার্কিশ রেস্টুরেন্টে খাবার শেষে বের হওয়ার সময় হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গে থাকা এনসিপি নেতাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। হঠাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি ও তার সহকর্মীরা দ্রুত রেস্টুরেন্টের ভেতরে আশ্রয় নেন বলে জানা যায়।
ঘটনার সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ভিডিও ফুটেজে এক পর্যায়ে হাতাহাতির দৃশ্যও দেখা গেছে বলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ক্লিপে দাবি করা হচ্ছে। তবে এসব ভিডিওর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের দাবি, যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের নেতৃত্বে একটি দল এ ঘটনার সঙ্গে যুক্ত ছিল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পরপরই কর্মসূচি স্থগিত না করে হাসনাত আবদুল্লাহ পরে নির্ধারিত সভায় বক্তব্য দেন। সেখানে তিনি হাতে একটি ডিম প্রদর্শন করে বক্তব্য শুরু করেন বলে জানা যায়। তিনি বলেন, এই ডিম আমি আওয়ামীলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম যদিও জানি না তারা যখন পাবে তখন এটা কাঁচা নাকি সিদ্ধ থাকবে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যে নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রঃ স্যোশাল মিডিয়া \ প্রথম আলো
এম.কে

