TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

লন্ডনে এনসিপি সমর্থকদের ওপর আওয়ামীলীগ নেতাকর্মীদের হামলাঃ বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশি কমিউনিটি

বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডনে উত্তেজনা ছড়িয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে তার একটি অনুষ্ঠানের বাইরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ, আগত অতিথিদের লক্ষ্য করে পানির বোতল নিক্ষেপ এবং পুলিশের একাধিক দফা লাঠিচার্জের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এড়াতে নির্ধারিত সময়ের তিন ঘণ্টারও বেশি আগে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন নাহিদ ইসলাম। অনুষ্ঠান শেষে মূল ফটক ব্যবহার না করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান তিনি।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি ড্যাজলিং ডন-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোমবার লন্ডনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের সম্মানে একটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাকে সরাসরি সামনে পেয়ে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেন আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানের নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টারও বেশি আগে বিকেল ৩টায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন নাহিদ ইসলাম। ফলে বাইরে বিক্ষোভকারীরা জড়ো হওয়ার আগেই তিনি ভবনের ভেতরে অবস্থান নেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর মূল প্রবেশপথ দিয়ে বের না হয়ে পেছনের দরজা ব্যবহার করেন তিনি। এতে বিক্ষোভকারীদের সঙ্গে তার সরাসরি মুখোমুখি হওয়ার পরিস্থিতি এড়ানো সম্ভব হয়।

তবে নাহিদ ইসলামকে সরাসরি না পেলেও অনুষ্ঠানস্থলে আসা অতিথিদের ঘিরে উত্তেজনা সৃষ্টি করেন বাইরে অবস্থানরত বিক্ষোভকারীরা। ডেইলি ড্যাজলিং ডনের প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে পানির বোতল ছুড়ে মারা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কয়েক দফা লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অনুষ্ঠানস্থলের বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ভেতরে অনুষ্ঠান চলতে থাকে।

ঘটনাস্থলে উপস্থিত প্রথম আলো-এর যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলাম ডেইলি ড্যাজলিং ডনকে জানান, নাহিদ ইসলাম বিকেল ৩টায় অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অনুষ্ঠান শেষে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান। ফলে বাইরে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিক্ষোভ থাকা সত্ত্বেও তার সঙ্গে বিক্ষোভকারীদের সরাসরি মুখোমুখি হওয়ার ঘটনা ঘটেনি।

লন্ডনের এই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ও প্রবাসে দেশের ভাবমূর্তি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব নিজেদের মতামত জানাতে গিয়ে বলেন, যুক্তরাজ্যের মতো দেশে, যেখানে রাজনৈতিক মতপ্রকাশ ও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার স্বীকৃত, সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে বোতল নিক্ষেপ এবং পুলিশের লাঠিচার্জের পরিস্থিতি তৈরি হওয়া অত্যন্ত বিব্রতকর।

রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কোনো রাজনৈতিক নেতা বা দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকারও রয়েছে। কিন্তু প্রতিবাদের নামে সহিংসতা, হামলা কিংবা সাধারণ অতিথিদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক পরিচয়কে বিদেশের মাটিতে নেতিবাচকভাবে তুলে ধরে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সামনে এমন পরিস্থিতি তৈরি হওয়া দেশের জন্য লজ্জাজনক বলে মনে করছেন তারা।

এর আগে গত শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নাহিদ ইসলামের একটি কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ এবং হয়রানির অভিযোগ ওঠে। ফলে ক্যামব্রিজের পর লন্ডনেও তার কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা দেখা দিল।

উল্লেখ্য, এক সপ্তাহের যুক্তরাজ্য সফরে গত ১৩ নভেম্বর ঢাকা ছাড়েন নাহিদ ইসলাম। সফর শেষে আগামী ২১ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে পরিচিতি পান নাহিদ ইসলাম। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন তিনি। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপের দায়িত্ব গ্রহণ করেন।

সূত্রঃ ডেইলি ড্যাজলিং ডন

এমকে

আরো পড়ুন

পোল্যান্ড সহ বিভিন্ন দেশে শ্রমের নতুন বাজারের সন্ধানে বাংলাদেশ সরকার

বিদ্যুৎ সমস্যায় স্ট্যানস্টেড বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সারিঃ ব্যাহত লাগেজ ব্যবস্থাপনা

নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাত আলী