6.1 C
London
February 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে রিকশা নিয়ন্ত্রণে কড়া আইনঃ অতিরিক্ত ভাড়া ও উচ্চস্বরে গান নিষিদ্ধ

লন্ডনের মেয়র সাদিক খান রাজধানীর পর্যটন এলাকাগুলোতে চলাচলকারী পেডিক্যাব বা রিকশার বিরুদ্ধে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছেন। দীর্ঘদিন ধরে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়, উচ্চস্বরে গান বাজানো এবং অনিরাপদ আচরণের অভিযোগের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

বুধবার ট্রান্সপোর্ট ফর লন্ডন নতুন বিধিমালা প্রকাশ করে জানায়, রিকশাচালকদের আর উচ্চস্বরে সংগীত বাজানোর অনুমতি থাকবে না। একই সঙ্গে চালক ও যানবাহনের জন্য আলাদা লাইসেন্স নিতে হবে এবং পুলিশের কঠোর যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হবে। চালকদের ইংরেজি ভাষাজ্ঞান প্রমাণ করা ও নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, ওয়েস্ট এন্ড ছাড়িয়ে রিকশাগুলো ধীরে ধীরে অন্যান্য পর্যটন এলাকায় ছড়িয়ে পড়ে এবং অল্প দূরত্বের যাত্রায়ও বিপুল ভাড়া আদায় করা হচ্ছিল। বাকিংহাম প্যালেসের বাইরে মাত্র পাঁচ মিনিটের যাত্রার জন্য জনপ্রতি ২৫ পাউন্ড এবং প্রায় ২০ মিনিটের ভ্রমণের জন্য ৬৫ পাউন্ড পর্যন্ত নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মেয়র সাদিক খান বলেন, পেডিক্যাব লন্ডন ঘোরার আনন্দদায়ক অভিজ্ঞতা হওয়ার কথা হলেও অনেক সময় যাত্রীরা প্রতারণামূলক ভাড়া, উচ্চ শব্দ ও ঝুঁকিপূর্ণ আচরণের মুখে পড়ছেন। নতুন নিয়মের ফলে এই খাতকে নিরাপদ, নির্ভরযোগ্য ও পেশাদার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এতদিন লন্ডনে রিকশাই ছিল একমাত্র অনিয়ন্ত্রিত গণপরিবহন ব্যবস্থা। নতুন নিয়ম অনুযায়ী অক্টোবর থেকে ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে—মূল ভাড়া ৫ পাউন্ড এবং প্রতি মিনিটে ১ পাউন্ড। ফলে পাঁচ মিনিটের যাত্রা হবে ১০ পাউন্ড। অতিরিক্ত প্রতিটি যাত্রীর জন্য আরও ৩ পাউন্ড যোগ করা যাবে।

নতুন বিধিমালায় রিকশায় বৈধ লাইসেন্স প্রদর্শন, নিয়মিত নিরাপত্তা পরীক্ষা এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের লন্ডনে অফিস থাকা বাধ্যতামূলক করা হয়েছে। চালকের লাইসেন্স ফি ১১৪ পাউন্ড এবং যানবাহনের লাইসেন্স ১০০ পাউন্ড, যার মেয়াদ এক বছর।

সিটি অ্যান্ড ওয়েস্টমিনস্টারের এমপি র‍্যাচেল ব্লেক এই পদক্ষেপকে অবাধ পেডিক্যাব পরিচালকদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে সাবেক মেয়র বরিস জনসন ২০১২ সালে রিকশাগুলোকে নিরাপত্তা ঝুঁকি ও রাতের যানজটের কারণ বলে নিয়ন্ত্রণের দাবি তুলেছিলেন, কিন্তু তখন তা কার্যকর হয়নি।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

লন্ডনের মার্কিন দূতাবাসের £১৫.৬ মিলিয়ন কনজেশন চার্জ বকেয়া

যুক্তরাজ্য হতে রুয়ান্ডায় পাঠাতে প্রস্তুতি সম্পন্ন করেছে আরএএফঃ গ্রান্ট শ্যাপস

জানুয়ারির শেষদিকে যুক্তরাজ্যে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা, সতর্ক মেট অফিস