TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের ইসলামিক সেন্টারে পেট্রল বোমা হামলাঃ আদালতে দোষ স্বীকার

লন্ডনের মাইদা ভেলে অবস্থিত একটি ইসলামিক সেন্টারে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় দোষ স্বীকার করেছেন ৪৭ বছর বয়সী ইমান জান্দ। তার ধারণা ছিল, প্রতিষ্ঠানটি ইরান সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। তবে হামলার সময় মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে আদালতে দাবি করেছেন তিনি।

১৪ নভেম্বর প্রকাশিত মাই লন্ডন–এর প্রতিবেদন অনুযায়ী, গত ৩ ফেব্রুয়ারি গভীর রাতে সেন্ট্রাল লন্ডনের মাইদা ভেলে অবস্থিত ‘ইসলামিক সেন্টার অব ইংল্যান্ড’-এ এ হামলার ঘটনা ঘটে। রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে জান্দ দুটি বোতলে দাহ্য পদার্থ ভরে সেন্টারের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ভেতরে ছুড়ে মারেন। এর মধ্যে একটি বোতলে আগুন জ্বলছিল। হামলার পর তিনি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আগুনে ইসলামিক সেন্টারের ভেতরে থাকা একটি ছোট স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও মূল ভবনে আগুন ছড়ায়নি। পুলিশের তদন্তে স্বয়ংক্রিয় নম্বরপ্লেট শনাক্তকরণ ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তের গাড়ির গতিবিধি শনাক্ত করা হয়। পরে গাড়িটির সঙ্গে ইমান জান্দের সংশ্লিষ্টতা নিশ্চিত করেন তদন্তকারীরা।

ঘটনার দিনই এজওয়ারে নিজের বাড়ির কাছ থেকে তাকে আটক করা হয়। তিনি ইরানে জন্মগ্রহণ করলেও ব্রিটিশ নাগরিক। তার ঠিকানা গ্রিন লেন, এডগওয়ার। হামলায় ব্যবহৃত বোতলগুলোও ফরেনসিক পরীক্ষার মাধ্যমে উদ্ধার করা হয় বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ।

আদালতে জান্দ হামলার দায় স্বীকার করেছেন। তিনি এমন বিস্ফোরণ ঘটানোর দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন, যা মানুষের জীবন বিপন্ন করতে বা সম্পত্তির ক্ষতি করতে পারে। পাশাপাশি সম্পত্তির ক্ষতি করার উদ্দেশ্যে বিস্ফোরক বহনের অভিযোগও স্বীকার করেছেন।

পুলিশের ধারণা, ইসলামিক সেন্টারটি ইরান সরকারের সঙ্গে যুক্ত—এমন বিশ্বাস থেকেই জান্দ প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করেন। এর আগে ওই ইসলামিক সেন্টারে ইরানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বিক্ষোভের ঘটনাও ঘটেছে।

তদন্তের নেতৃত্ব দেওয়া গোয়েন্দা প্রধান পল রিডলি হামলাটিকে ‘পরিকল্পিত ও গভীরভাবে উদ্বেগজনক’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অভিযুক্ত অন্ধকারের সুযোগ নিয়ে পেট্রল বোমা হাতে উপাসনালয়ে গিয়ে পরিকল্পিত হামলা চালান। এতে বহু মানুষের প্রাণহানির মতো ভয়াবহ ঘটনা ঘটতে পারত।

পল রিডলি আরও বলেন, কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং লন্ডনের সব বাসিন্দার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

১০ বছরে সবচেয়ে কঠিন বাজারে যুক্তরাজ্য, বাড়ির দাম কমেছে, বিক্রেতারা চাপে

কারাগারের ভিড় কমাতে কঠোর পদক্ষেপঃ বিদেশি অপরাধীদের দ্রুত ফেরত পাঠানো হবে

সাউথ লন্ডনের একটি রেস্তোরাঁর লাইসেন্স বাতিল