21.8 C
London
September 19, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনের বেথনাল গ্রিনে কিশোরী ধর্ষণের ঘটনাঃ তথ্য দিলে মিলবে বড় অঙ্কের পুরস্কার

পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দুই ব্যক্তিকে শনাক্ত করতে নতুন করে সিসিটিভি ফুটেজ ও ছবি প্রকাশ করেছে মেট্রোপলিটন পুলিশ। প্রায় দুই বছর ধরে তদন্ত চলার পর পুলিশ এখন ওই দুই ব্যক্তির পরিচয় শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে হোয়াইটচ্যাপেল রোড এলাকায় ওই কিশোরীর সঙ্গে দুই ব্যক্তির দেখা হয়। পরে তারা কিশোরীকে কাছাকাছি ওয়েভার’স ফিল্ড এলাকায় নিয়ে যায়। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে পুলিশ।

ঘটনার পর এক পথচারী কিশোরীকে দেখতে পান এবং তাকে সহায়তা করেন। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্ত শুরু হয়।

তদন্তের অংশ হিসেবে গত দুই বছরে পুলিশ ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেছে। পাশাপাশি ফরেনসিক পরীক্ষা চালানো হয়েছে এবং সম্ভাব্য সাক্ষীদের সঙ্গেও কথা বলেছেন তদন্তকারীরা। এসব তদন্তের ধারাবাহিকতায় এখন দুই ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রকাশিত ছবিতে থাকা ব্যক্তিদের কেউ চিনতে পারলে অথবা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য জানা থাকলে দ্রুত তদন্তকারীদের জানানো উচিত। সামান্য কোনো তথ্যও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার প্রায় দুই বছর পরও ওই কিশোরীর ওপর এর প্রভাব রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সে এখনো একা থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে না এবং সম্ভব হলে পরিবারের সদস্যরা তার সঙ্গে থাকেন।

তদন্তের নেতৃত্ব দেওয়া ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর আনা ডেইটন ঘটনাটিকে ভয়াবহ হিসেবে বর্ণনা করে জানিয়েছেন, তদন্ত এখনো চলমান। সিসিটিভি ফুটেজে থাকা দুই ব্যক্তিকে কেউ চিনতে পারলে অথবা ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় তথ্য দিয়ে দায়ীদের গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করতে সহায়তা করতে পারলে ক্রাইমস্টপার’স সর্বোচ্চ ১০ হাজার পাউন্ড পুরস্কার দিতে পারে।

তথ্য জানা থাকলে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ১০১ নম্বরে যোগাযোগ করা যাবে। পরিচয় গোপন রেখে তথ্য দিতে চাইলে Crimestoppers-এর 0800 555 111 নম্বরে যোগাযোগ করা যাবে।

সূত্রঃ দ্য মেট্রো

এমকে

আরো পড়ুন

২০৬৩ সালের মধ্যে ‘শ্বেতাঙ্গ ব্রিটিশরা’ যুক্তরাজ্যে সংখ্যালঘু হয়ে যাবেঃ রুপার্ট লোয়ে

উইন্ডসর ক্যাসেল: এক হাজার বছরের ক্ষমতা, ঐতিহ্য ও ব্রিটিশ রাজকীয়তার জীবন্ত প্রতীক

২ দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করল চীন, কার্যকর মঙ্গলবার