বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতাধীন। আইন অনুযায়ীই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং সেভাবেই এর নিষ্পত্তি হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার প্রত্যর্পণ, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে এ অবস্থান জানান জয়সওয়াল।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করলেও বাংলাদেশ তা প্রত্যাখ্যান করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কনস্যুলার পরিষেবাসংক্রান্ত বৈঠকে বিষয়টি আলোচনায় আসবে কি না।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা আগেও বলেছি, এটি একটি আইনি বিষয়। আইন অনুযায়ী বিষয়টি সামনে এগোবে এবং সেভাবেই এর নিষ্পত্তি করা হবে।’
প্রত্যর্পণের ক্ষেত্রে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক কি না, কিংবা পাসপোর্ট ছাড়াই কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে প্রত্যর্পণ করা সম্ভব কি না—এমন প্রশ্নও করা হয় তাকে। জয়সওয়াল বিষয়টিকে কারিগরি ও আইনি প্রশ্ন হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণের জন্য পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের প্রয়োজন হয়—এটাই আমার সাধারণ অনুধাবন। তবে এটি একটি কারিগরি প্রশ্ন। বিষয়টি সম্পূর্ণ আইনি এবং আইন মেনেই এর সুরাহা করা হবে।’
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন নিয়ে বাংলাদেশের হাইকমিশনে তার আইনজীবীদের চিঠি পাঠানোর বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বিষয়টি বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে সাংবাদিকদের পরামর্শ দেন। তিনি বলেন, এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই তাদের অবস্থান ও প্রয়োজনীয় তথ্য জানাতে পারবে।
সংবাদ সম্মেলনে ভারতের একাধিক সাংবাদিক ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগ এবং প্রত্যর্পণের আবেদন নিয়ে প্রশ্ন তোলেন। তবে প্রতিবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একই অবস্থান তুলে ধরে বলেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে মোকাবিলা করা হবে।
এর আগে সোমবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার আইনজীবীরা এ-সংক্রান্ত একটি চিঠি পাঠান। এতে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর আবেদন জানানো হয়েছে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা ওই চিঠির বরাতে বিষয়টি প্রকাশিত হয়।
শেখ হাসিনার আইনজীবীদের এই উদ্যোগকে বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা বাস্তবায়নে তার পক্ষ থেকে এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। তবে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন এবং প্রত্যর্পণ প্রক্রিয়া—দুটি বিষয় কীভাবে এগোবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর তিনি ভারতে আশ্রয় নেন এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার ভারতের কাছে কূটনৈতিকভাবে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে।
ভারতের সর্বশেষ বক্তব্যে প্রত্যর্পণের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা কিংবা চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত দেওয়া হয়নি। বরং নয়াদিল্লি বিষয়টিকে আইনি প্রক্রিয়ার মধ্যে রেখে আইন অনুযায়ী সমাধানের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে।
সূত্রঃ রয়টার্স
এমকে

