17.8 C
London
June 13, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা ঘোষণা, আলোচনায় থেকেও বাদ একাধিক পরিচিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তালিকাটি প্রকাশ করেন রুহুল কবির রিজভী।

তবে ঘোষিত তালিকায় স্থান না পাওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বেশ কয়েকজন পরিচিত ও প্রভাবশালী নারী নেত্রী ও পরিবারের সদস্যরা। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন না পেলেও ভবিষ্যতে তাদের ভিন্নভাবে মূল্যায়নের সম্ভাবনা রয়েছে।

মনোনয়ন না পাওয়া উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আফরোজা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়-এর মেয়ে অপর্ণা রায়, প্রয়াত নাসির উদ্দীন পিন্টু-এর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, মেঘনা আলম, ফারজানা সিঁথি, প্রয়াত মওদুদ আহমদ-এর স্ত্রী হাসনা মওদুদ, সালাহ উদ্দিন আহমদ-এর স্ত্রী হাসিনা আহমদ, এবং খন্দকার মোশাররফ হোসেন-এর পরিবারের সদস্য নাঈমা খন্দকারসহ আরও অনেকে।

দলীয় একাধিক সূত্র জানায়, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। মোট ১,০২৫টি ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে আবেদন জমা দেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা এবং আবেদন জমার সময় ৫০ হাজার টাকা জামানত নেওয়া হয়।

মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয় গত ১৭ ও ১৮ এপ্রিল। এতে নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা।

বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনের এই তালিকা বিএনপির অভ্যন্তরীণ ভারসাম্য ও রাজনৈতিক কৌশলের প্রতিফলন। তবে আলোচনায় থাকা অনেককে বাদ দেওয়ায় দলীয় ভেতরে কিছুটা অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে দলীয় সূত্র বলছে, বাদ পড়া অনেক নেত্রীকেই ভবিষ্যতে সাংগঠনিক কিংবা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে, যা দলীয় কাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

এম.কে

আরো পড়ুন

আন্দোলনে নিহত ৭০৮ জনের পরিচয় প্রকাশ করলো সরকার

ধবলধোলাইয়ের শিকার ইংলিশ ক্রিকেট টিম

প্রাথমিক বিদ্যালয়ে শপথবাক্য পরিবর্তন, পুরোনোটি পাঠের নির্দেশ