13.1 C
London
May 16, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

সাবেক সেনা সদস্যের ভারত পলায়নের চেষ্টা ব্যর্থ, বড়লেখা সীমান্ত থেকে গ্রেপ্তার

সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের সন্তান ও সাবেক সেনা সদস্য মো. রাহেদ হোসেন মাহেদ (২৩)-কে বড়লেখা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’-এর সক্রিয় সদস্য মাহেদ ভারতের উদ্দেশে পালানোর চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়েন।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বড়লেখা থানার একটি চৌকস দল দুর্গম বোবারথল ও ষাইটঘরি এলাকায় টানা ১২ ঘণ্টা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। পাহাড়ি টিলা ও জঙ্গল চষে বেড়িয়ে ভারতের সীমান্ত অতিক্রমের আগমুহূর্তে তাকে আটক করা হয়।

মাহেদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামে। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়ার পর জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। ইতিপূর্বে শাহবাগ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, তিনি সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিলেন—এমন অভিযোগে তাকে খুঁজছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা।

গত ২৩ এপ্রিল পুলিশের একটি গোপন চিঠিতে মাহেদকে নিয়ে রেড অ্যালার্ট জারি করা হয়। ওই চক্রটি জাতীয় সংসদ ভবন, শাহবাগ চত্বর এবং বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার ছক কষছিল বলে তদন্তে উঠে আসে। রেড অ্যালার্ট জারির পর থেকেই মাহেদ আত্মগোপনে চলে যায় এবং সিলেটের সীমান্তবর্তী পথ ব্যবহার করে দেশ ছাড়ার চেষ্টা করে।

গ্রেপ্তারের পর মাহেদকে বড়লেখা থেকে ঢাকার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। সিটিটিসি সূত্র জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম, অস্ত্র সংগ্রহ ও হামলার পরিকল্পনার বিশদ তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন নামঞ্জুর

হেনরী ও তার স্বামীর ৪৯ ব্যাংক হিসাবে লেনদেন পৌনে ৪ হাজার কোটি

বাংলাদেশে রেমিট্যান্স আসা বৈধ পথে বেড়েছে