TV3 BANGLA
আন্তর্জাতিক

‘সামরিকভাবে ইরান যুদ্ধ শেষ’, ট্রাম্পের ঘোষণাঃ সমঝোতার আশাবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সামরিকভাবে শেষ হয়ে গেছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের অবসানে একটি সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান এখন মার্কিন আলোচকদের সঙ্গে অত্যন্ত ভদ্রভাবে কথা বলছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউসে আকস্মিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ হয়ে গেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র কেবল বিদ্যমান পরিস্থিতি বজায় রাখছে। তার এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানকে সফল হিসেবে তুলে ধরার প্রচেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে।

তবে সামরিক বিজয়ের দাবি করলেও মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তের ইঙ্গিত দেননি ট্রাম্প। ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সক্ষম হয়েছেন বলে দাবি করে আসছেন তিনি। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, তাহলে কেন বিজয় ঘোষণা করে অঞ্চলটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে না?

জবাবে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকজন গুরুত্বপূর্ণ মিত্র রয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এখনই মার্কিন সেনা প্রত্যাহার করা হলে ওই মিত্ররা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মন্তব্য করেন তিনি। তার এই বক্তব্যে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করলেও দেশটিকে এখনো আঞ্চলিক নিরাপত্তার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করার বিষয়টি উঠে এসেছে।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র কেবল স্বল্পমেয়াদি সমাধান নয়, বরং দীর্ঘমেয়াদি সমাধান চায়। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতেও এই অবস্থান কার্যকর রাখতে হবে।

সংবাদ সম্মেলনে আবারও যুদ্ধ দ্রুত শেষ হওয়ার দিকে এগোচ্ছে বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সংঘাতের স্থায়ী অবসান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নগুলো এখনো আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

সূত্রঃ এপি

এমকে

আরো পড়ুন

ইরান ছাড়ছেন না রুশ কূটনীতিক ও বিশেষজ্ঞরাঃ গুজব উড়িয়ে দিল দূতাবাস

গাজার অবস্থাকে হিটলারের ক্যাম্পের সঙ্গে তুলনা, ব্রিটেনে তদন্তের মুখে অধ্যাপক

কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে বড় সংকট সৃষ্টি করতে পারেঃ জাতিসংঘ