TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

স্বামীর হাতে খুনের আশঙ্কাঃ মধ্যপ্রাচ্যগামী নারীকে হিথ্রোতে আটকাল পুলিশ

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী এক নারীকে শেষ মুহূর্তে আটকে দিয়েছে পুলিশ। নির্যাতনকারী স্বামীর কাছে ফিরে গেলে তাকে হত্যা করা হতে পারে—এমন আশঙ্কায় জরুরি ভিত্তিতে হাইকোর্টের নিষেধাজ্ঞা নিয়ে এই পদক্ষেপ নেওয়া হয়।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ২০ বছরের কোঠার ওই নারীর পরিচয় আইনি কারণে প্রকাশ করা হয়নি। ডেভন অ্যান্ড কর্নওয়াল পুলিশ আদালতের জরুরি নির্দেশনা নিয়ে তার পাসপোর্ট জব্দ করে এবং বিমানটিতে ওঠা বন্ধ করে দেয়।

ওই নারী মধ্যপ্রাচ্য বংশোদ্ভূত। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে তিনি ইউরোপের একটি অজ্ঞাত দেশ ছেড়ে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে আসেন। ব্রিটেনে পৌঁছে তিনি আশ্রয়ের আবেদন করেন। তার অভিযোগ, স্বামী তাকে ধর্ষণ ও শ্বাসরোধ করে নির্যাতন করেছেন, অপমানজনক আচরণ করেছেন এবং তার আর্থিক নিয়ন্ত্রণও নিজের হাতে নিয়েছেন।

পুলিশের হস্তক্ষেপের সূত্রপাত হয় ওই নারী জানানোর পর যে, তার স্বামী আইক্লাউড অ্যাকাউন্টে প্রবেশ করে তার অবস্থান শনাক্ত করেছেন। স্বামী তার বিভিন্ন ডিভাইসের অবস্থান অনুসরণ করে যুক্তরাজ্যে তার ঠিকানা বের করেন এবং সেই তথ্য পরিবারের সদস্যদের কাছে পাঠান।

আদালতের বিচারক মিস্টার জাস্টিস হেইডেনের পর্যবেক্ষণে বলা হয়, ওই নারীকে স্বামীর কাছে ফিরে যেতে পরিবারের পক্ষ থেকেও চাপ দেওয়া হচ্ছিল। এমনকি ফিরে না গেলে গুরুতর শারীরিক নির্যাতন ও হত্যার হুমকিও দেওয়া হয়েছিল। বিষয়টিকে সম্ভাব্য ‘অনার-বেইজড’ বা তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার নামে সহিংসতার ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।

স্বামী ওই নারীকে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে হলে তাকে প্রমাণ করতে হবে যে, যুক্তরাজ্যে অবস্থানকালে মি. এস নামে পরিচিত এক ব্যক্তির সঙ্গে তার কোনো অনৈতিক সম্পর্ক ছিল না। ওই ব্যক্তির সঙ্গে তিনি কিছুদিন অবস্থান করেছিলেন।

এদিকে ওই নারী তার ছোট ছেলের সঙ্গে পুনরায় মিলিত হতে এবং বাবা-মায়ের বাড়িতে ফিরে যেতে রাজি হন। পুলিশকে তিনি বলেছিলেন, ‘আমাকে যেতেই হবে।’ তার বক্তব্য ছিল, নিজের নির্দোষিতা প্রমাণ করতে এবং পরিস্থিতি ঠিক করতে তাকে ফিরে যেতে হবে। তবে পুলিশের আশঙ্কা ছিল, তার বাবা-মা তাকে আবার নির্যাতনকারী স্বামীর কাছে ফিরিয়ে দিতে পারেন।

পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পুলিশ ওই নারীর ডিএনএ নমুনাও সংগ্রহ করে, যাতে প্রয়োজন হলে তার মরদেহ শনাক্ত করা যায়।

গোয়েন্দা কর্মকর্তা লুক পোর্টচ বিচারককে জানান, ডিএনএ সংগ্রহের সময় ওই নারীকে মানসিকভাবে বিপর্যস্ত মনে হবে বলে তারা ধারণা করেছিলেন। কিন্তু তিনি ছিলেন অনেকটা নির্বিকার ও আবেগহীন। অথচ তখন তাকে নিজের মৃত্যুর সম্ভাবনার কথাও বিবেচনা করতে হচ্ছিল।

পুলিশ আদালতকে জানায়, জবরদস্তি, মানসিক চাপ, পারিবারিক প্রভাব এবং আবেগগতভাবে নিয়ন্ত্রণের কারণে ওই নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে।

আদালতে পুলিশ আরও জানায়, ২০২৫ সালে যুক্তরাজ্যে ৮ লাখ ১১ হাজার ৪৯৩টি পারিবারিক নির্যাতনের অপরাধের মধ্যে ১১১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সময়ে তথাকথিত পারিবারিক সম্মান রক্ষার নামে নির্যাতনের ২ হাজার ৯৪৯টি ঘটনার মধ্যে ১৫টি হত্যাকাণ্ডের ঘটনা ছিল বলে পুলিশ উল্লেখ করে।

এ ছাড়া পুলিশ জানায়, শ্বাসরোধ করে নির্যাতনের শিকার ব্যক্তিদের হত্যার ঝুঁকি প্রায় আট গুণ বেড়ে যেতে পারে।

এসব ঝুঁকি বিবেচনায় বিচারক হেইডেন জরুরি নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে হিথ্রো বিমানবন্দরের বোর্ডিং গেটে পুলিশ ওই নারীকে আটকে দিতে সক্ষম হয়।

বিচারক বলেন, ওই নারী যদি বিমানে উঠে পরিবারের কাছে ফিরে যেতেন, তাহলে তার হত্যার শিকার হওয়ার আশঙ্কা প্রবল ছিল।

তবে আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে অন্যদের নিয়ন্ত্রণ ও নির্যাতনের শিকার হওয়ার পর ওই নারী ধীরে ধীরে নিজের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ফিরে পেতে শুরু করেছেন। পুলিশের সহায়তার প্রস্তাবেও তিনি ইতিবাচক সাড়া দিয়েছেন।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

‘ব্রিটেনকে অপমান করলেন পুতিন’—রুশ ফ্রিগেটের ঘটনায় প্রতিরক্ষা বাজেট বাড়ানোর দাবি জোরালো

ব্রিটিশ এয়ারওয়েজে ২০০ পদে নিয়োগঃ বেতন ৩৩ হাজার পাউন্ড পর্যন্ত

প্রবাসীদের যথাযথ সেবা দেওয়ার নির্দেশ