19 C
London
June 2, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী অবরোধে ট্রাম্পের কৌশল প্রশ্নবিদ্ধ, মার্কিন সিনেটরের সমালোচনা

হরমুজ প্রণালী অবরোধের প্রস্তাবকে ঘিরে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কঠোর অবস্থান বজায় রেখেছেন, অন্যদিকে সিনেটের প্রভাবশালী সদস্যরা এই কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন।

ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ও সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির সহ-সভাপতি মার্ক ওয়ার্নার বলেন, হরমুজ প্রণালী অবরোধ করে ইরানকে নতি স্বীকারে বাধ্য করার ধারণা তার কাছে অস্পষ্ট। তার ভাষায়, “অবরোধ করলে কীভাবে প্রণালী খুলে যাবে, সেই যুক্তি বোঝা যাচ্ছে না।” তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ বাস্তবে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে কি না, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে দাবি করেন, যুক্তরাষ্ট্রের তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর নির্ভরতার প্রয়োজন নেই। তিনি বলেন, দেশটির নিজস্ব তেল উৎপাদনই চাহিদা পূরণে যথেষ্ট এবং বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কম।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তেল আসছে এবং তা বিশ্বের সর্বোচ্চ মানের তেল হিসেবে বিবেচিত। তার মতে, হরমুজ প্রণালী অবরোধ হলেও যুক্তরাষ্ট্রের জ্বালানি খাতে বড় ধরনের প্রভাব পড়বে না।

তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, অবরোধের ফলে শুরুতে কিছুটা অস্থিরতা দেখা দিলেও দীর্ঘমেয়াদে দাম কমে আসবে। একইসঙ্গে তিনি শেয়ারবাজারের উন্নতির কথাও উল্লেখ করেন, যদিও সাম্প্রতিক সময়ে সূচকে কিছুটা পতন লক্ষ্য করা গেছে, যা মূলত ইরানকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির প্রভাব হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, ট্রাম্প তার পূর্বের কঠোর হুমকিরও পক্ষে অবস্থান নিয়েছেন। তিনি দাবি করেন, শক্ত অবস্থান নেওয়ার কারণেই ইরান আলোচনায় আসতে আগ্রহ দেখিয়েছে। একইসঙ্গে তিনি ইরানের পক্ষ থেকে দেওয়া কঠোর স্লোগানের কথাও উল্লেখ করেন।

তবে তার বক্তব্যের মধ্যে আবারও কঠোর হুঁশিয়ারি শোনা গেছে। তিনি বলেন, প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই ইরানের অবকাঠামো ধ্বংস করে দেওয়া সম্ভব এবং দেশটিকে বহু বছর পেছনে ঠেলে দেওয়া যাবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের এই কৌশল শুধু আন্তর্জাতিক নয়, অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ফলে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও এখন গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

পবিত্র কাবার আদলে তৈরি মঞ্চ, চলছে খোলামেলা নাচ-গান!

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি মোদি?

প্রবাসী বেকারদের জন্য সুখবর দিলো আমিরাত