19.1 C
London
September 28, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী খুলতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পেরঃ বাড়ছে সংঘাত দীর্ঘায়িত হওয়ার শঙ্কা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের পরিস্থিতিতে তেহরান ‘ডুমসডে যুদ্ধ’ বা ভয়াবহ পরিণতির যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি বলেছেন, যুদ্ধ এড়াতে ইরান এখনো কূটনীতির দরজা খোলা রাখতে চায় এবং শান্তির সম্ভাবনা নষ্ট করতে চায় না।

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, ইরান আলোচনার জন্য প্রস্তুত থাকার পাশাপাশি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও প্রস্তুত। তার ভাষায়, প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও তিনি নিউইয়র্কে যুদ্ধের জন্য যাননি, বরং শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজতেই গেছেন।

আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ইরান কোনো ধরনের আগ্রাসনের মুখে দৃঢ় থাকবে—এমনকি পরিস্থিতি ‘অ্যাপোক্যালিপটিক’ বা ভয়াবহ যুদ্ধের পর্যায়ে গেলেও। তবে একই সঙ্গে তিনি ‘বাস্তব কূটনীতি’র জন্য ইরানের প্রস্তুতির কথাও জানান।

সংঘাত নিরসনে ইরান সাত দিনের একটি প্রস্তাব দিয়েছে। ওই পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করা এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে এর বিনিময়ে ওয়াশিংটনের নির্দিষ্ট কিছু শর্ত পূরণের দাবি জানিয়েছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং সংঘাত অবসানের ওই প্রস্তাব প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র সংঘাতে ‘বিপুলভাবে জয়ী’ হচ্ছে।

আরাগচি অবশ্য বলেছেন, বর্তমান অচলাবস্থা থেকে বের হওয়ার একমাত্র পথ হলো আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে নেওয়া। তার বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি ইরানের নির্ধারিত শর্ত পূরণের ওপর নির্ভর করছে।

এদিকে হরমুজ প্রণালী ঘিরে সামরিক উত্তেজনাও অব্যাহত রয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস—আইআরজিসি দাবি করেছে, তারা প্রণালীতে একটি মার্কিন রেমাস ৬০০ ধরনের চালকবিহীন পানির নিচের ড্রোন আটক করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই দাবি প্রত্যাখ্যান করেছে। মার্কিন পক্ষ জানিয়েছে, তাদের সব ড্রোনের ওপর তারা ‘ইতিবাচক নিয়ন্ত্রণ’ বজায় রেখেছে এবং ইরানের দাবি প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি সেপ্টেম্বর মাসে কিছুটা বেড়েছে। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রপ্তানি বাড়ানোর পর সেপ্টেম্বর মাসে অঞ্চলটির অপরিশোধিত তেল রপ্তানি দৈনিক প্রায় ১ কোটি ২৮ লাখ ব্যারেলে পৌঁছানোর পথে রয়েছে।

তবে যুদ্ধ শুরুর আগে ফেব্রুয়ারিতে যে পরিমাণ তেল রপ্তানি হতো, তার তুলনায় বর্তমান রপ্তানি এখনো দৈনিক প্রায় ৬০ লাখ ব্যারেল কম। হরমুজ প্রণালী দিয়ে চলাচলও সংঘাত শুরুর আগের স্বাভাবিক পর্যায়ে ফেরেনি।

এদিকে ইরানের তেহরান ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর এখনো সচল রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের প্রধান নির্বাহী রামিন কাশেফ-আজার। যুক্তরাষ্ট্র ইরানের বিমান চলাচল খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেও বিমানবন্দরটি ৩০টির বেশি আন্তর্জাতিক গন্তব্যে সেবা দিচ্ছে বলে তিনি দাবি করেছেন।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ৮ সেপ্টেম্বর ইরানের আরও ২৭টি এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর পর ওমান ও সংযুক্ত আরব আমিরাত ইরানি ফ্লাইট স্থগিত করেছে এবং ইরাকের চারটি বিমানবন্দরও ইরানি বিমান গ্রহণ বন্ধ করেছে। তবে চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশে ইরানি বিমান চলাচল করছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে মার্কিন বিমানবাহিনী ব্যবহার করে এমন একটি সামরিক ঘাঁটি রয়্যাল এয়ার ফোর্স ফেয়ারফোর্ডের কাছে পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনাও ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে। ব্রিটিশ পুলিশ তাদের বিস্ফোরক ও সন্ত্রাসবাদ-সংক্রান্ত অপরাধের সন্দেহে আটক করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা ওই ঘটনার সঙ্গে ইরানের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন। তবে তদন্তকারীরা এখনো কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাননি এবং সব সম্ভাবনাই খোলা রাখা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফেয়ারফোর্ডের কাছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সন্দেহভাজনরা ‘বড় ধরনের ক্ষতি’ করার চেষ্টা করছিল বলে মনে হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান এবং হরমুজ প্রণালীকে ঘিরে পাল্টাপাল্টি দাবির কারণে পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ রয়েছে।

সূত্রঃ দ্য ইন্ডিপেন্ডেন্ট

এম.কে

আরো পড়ুন

সৌদিতে কাবা সদৃশ্য ভবন নির্মাণ নিয়ে বিতর্ক

নিউজ ডেস্ক

দ্য টেলিগ্রাফের বিশ্লেষণঃ চীনের জ্বালানিতে শক্তি পাচ্ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি! সবুজ সংকেত হামাস ও ইজরায়েলের