উচ্চপ্রযুক্তির গাড়ি উৎপাদন শিল্পে দক্ষ কর্মী সংকট মোকাবিলার উদ্দেশ্যে চালু করা ভিসা ব্যবস্থার অপব্যবহারের অভিযোগ উঠে এসেছে যুক্তরাজ্যে। নতুন এক প্রতিবেদনে দেখা গেছে, হাই-টেক অটোমোটিভ খাতে কাজ করার জন্য ভিসা নিয়ে আসা অধিকাংশ বিদেশি মেকানিক বাস্তবে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন বা ব্যাটারি শিল্পে নয়, বরং সাধারণ এমওটি (MOT) সেন্টার, খুচরা গাড়ি মেরামতের গ্যারেজ এবং সার্ভিসিং প্রতিষ্ঠানে কাজ করছেন।
যুক্তরাজ্যের মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি (MAC) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টেম্পোরারি শর্টেজ লিস্ট (TSL)-এর মাধ্যমে আসা মেকানিকদের ৮৩ শতাংশই সরকারের নতুন ইন্ডাস্ট্রিয়াল স্ট্র্যাটেজি-এর অগ্রাধিকারপ্রাপ্ত খাতের বাইরে কর্মরত। অথচ এই ভিসা চালুর মূল উদ্দেশ্য ছিল উন্নত উৎপাদন, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি প্রযুক্তি এবং অন্যান্য কৌশলগত শিল্পে দক্ষ কর্মীর ঘাটতি পূরণ করা।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫ পর্যন্ত বিদেশি মেকানিক নিয়োগে শীর্ষ ১০ স্পনসরের মধ্যে ৯টিই ছিল সাধারণ যানবাহন বিক্রয় প্রতিষ্ঠান, গাড়ি মেরামতের গ্যারেজ অথবা বাস অপারেটর। অর্থাৎ, অধিকাংশ বিদেশি কর্মী উন্নত প্রযুক্তি শিল্পে নয়, বরং দৈনন্দিন যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে নিয়োজিত।
এ পরিস্থিতিতে MAC সুপারিশ করেছে, মেকানিক পেশাকে টেম্পোরারি শর্টেজ লিস্ট থেকে বাদ দেওয়া উচিত। কমিটির মতে, এই ভিসা ব্যবস্থার মূল উদ্দেশ্য পূরণে পেশাটি কার্যকর ভূমিকা রাখছে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রকৃত স্পনসরশিপ তথ্য বিশ্লেষণেও প্রমাণ মিলেছে যে, এই ভিসাগুলো সরকারের শিল্প কৌশলের আওতাভুক্ত খাতকে সহায়তা করার পরিবর্তে অন্য খাতে ব্যবহৃত হচ্ছে।
কমিটির মতে, বিদেশি কর্মীর ওপর নির্ভর না করে ব্রিটিশ কর্মীদের দ্রুত প্রশিক্ষণের মাধ্যমে এই চাহিদা পূরণ করা সম্ভব। উদাহরণ হিসেবে বলা হয়েছে, বৈদ্যুতিক গাড়ির (EV) প্রযুক্তিতে লেভেল-৩ টপ-আপ কোর্স সম্পন্ন করতে মাত্র দুই দিন সময় লাগে।
তবে একই প্রতিবেদনে MAC আরও সুপারিশ করেছে, দেশের গুরুত্বপূর্ণ শিল্প ও অবকাঠামো খাতের চাহিদা বিবেচনায় ২৮টি পেশাকে ১৮ মাসের জন্য টেম্পোরারি শর্টেজ লিস্টে অন্তর্ভুক্ত করা হোক। এর মধ্যে গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে নিয়োজিত ব্রিকলেয়ার (ইটের রাজমিস্ত্রি), ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, ক্লিন এনার্জি, ডিজিটাল ও প্রযুক্তি খাতের বিভিন্ন পেশা রয়েছে।
MAC-এর ভারপ্রাপ্ত চেয়ার ম্যাডেলিন সাম্পশন বলেন, সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে টেম্পোরারি শর্টেজ লিস্টকে সীমিত সময়ের জন্য এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক রাখতে ২৮টি পেশাকে ১৮ মাসের জন্য তালিকাভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এসব পেশা সাম্প্রতিক তিন বছরে মাঝারি দক্ষতার ক্যাটাগরিতে দেওয়া স্কিলড ওয়ার্কার ভিসার প্রায় ২৫ শতাংশের প্রতিনিধিত্ব করে।
এদিকে, হোম অফিস জানিয়েছে, বর্তমান সরকারের আমলে নিট অভিবাসন ৭৪ শতাংশ কমেছে এবং ইতোমধ্যে ১০০টিরও বেশি পেশার ক্ষেত্রে বিদেশ থেকে কর্মী নিয়োগের সুযোগ বন্ধ করা হয়েছে।
হোম অফিসের এক মুখপাত্র বলেন, সরকার ব্রিটিশ কর্মীদের অগ্রাধিকার দিতে চায় এবং সস্তা বিদেশি শ্রমের ওপর নির্ভরতা কমিয়ে দেশের শ্রমবাজারকে আরও শক্তিশালী করতে কাজ করছে। একই সঙ্গে অর্থনীতির জন্য প্রয়োজনীয় উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীদের স্বাগত জানানো হবে। MAC-এর সর্বশেষ সুপারিশগুলো সরকার গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে এবং যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
বিশ্লেষকদের মতে, এই প্রতিবেদন যুক্তরাজ্যের দক্ষ কর্মী ভিসা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে সরকার যে শিল্পখাতগুলোকে অগ্রাধিকার দিয়ে বিদেশি কর্মী আনার সুযোগ দিয়েছিল, সেই সুযোগ বাস্তবে কতটা সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে—তা নিয়ে এখন আরও কঠোর নজরদারির সম্ভাবনা তৈরি হয়েছে।
সূত্রঃ দ্য সান
এম.কে

