TV3 BANGLA
বাংলাদেশ

‘হাসিনা সন্ত্রাসী, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই তাকে বাংলাদেশে ফিরতে হবে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা সাধারণ যাত্রী হিসেবে বাংলাদেশে ফিরতে পারবেন না। তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে হবে।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ুন কবির বলেন, “তিনি তার নানাবাড়িতে বেড়াতে আসছেন না। তিনি একজন সন্ত্রাসী। তাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই আসতে হবে।”

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “হাসিনার এই আবেদন হাস্যকর।” তিনি বলেন, শেখ হাসিনা কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। ২০২৫ সালের নভেম্বরে বিচার শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “তার বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এগুলো প্রকাশ্য ও জনসমক্ষে অনুষ্ঠিত বিচারপ্রক্রিয়া, তার কথিত প্রহসনের আদালত নয়। তিনি পালিয়ে গেছেন। এখন কীভাবে ফিরবেন? তার ফিরে আসার ইতিহাস নেই, বরং পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে।”

এ সময় শেখ হাসিনার পক্ষে কাজ করা একটি ব্রিটিশ আইনি সহায়তা প্রতিষ্ঠানকেও সমালোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি প্রতিষ্ঠানটিকে মক্কেলের অতীত ও কর্মকাণ্ড সম্পর্কে আরও ভালোভাবে জানার আহ্বান জানান।

হুমায়ুন কবির বলেন, “আপনাদের মক্কেল সম্পর্কে জানুন। বাংলাদেশের জনগণের কাছ থেকে লুট করা অর্থের পেছনে ছুটবেন না। কিছু নৈতিক ও আদর্শিক সীমারেখা বজায় রাখুন। আর সেই সীমারেখা না থাকলে বিশ্বজুড়ে আপনাদের লজ্জিত হতে হবে।”

ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানটির উদ্দেশে তিনি প্রশ্ন করেন, “আপনারা কি এখানে এসে দাঁড়িয়ে বলতে পারবেন, এই নারী নির্দোষ?”

প্রতিমন্ত্রী আরও বলেন, কোনো অভিযুক্ত ব্যক্তির আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো হয়েছে কি না, সেটি গুরুত্বপূর্ণ বিষয় নয়। এ বিষয়ে সরকার যথাযথ জবাব দেবে।

সাংবাদিকরা শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য সরকার কোনো ট্রাভেল পাস দেওয়ার পরিকল্পনা করছে কি না, জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সূত্রঃ রয়টার্স

এমকে

আরো পড়ুন

কানাডার নাগরিকত্ব নেয়ায় চাকুরীচ্যুত বিসিএস ক্যাডার

যাদের ডিবি অফিসে নেয়া হয়েছে তারা তো সিকিউরিটি চায় নাই— হাইকোর্ট

সাংবাদিক ও শাবিছাত্র হত্যাঃ আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ আসামি শতাধিক