TV3 BANGLA
বাংলাদেশ

হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর বিমান চায় ভারতঃ দিল্লির দুই শর্ত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন কৌশল নিয়েছে নয়াদিল্লি। তাকে দেশে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সামরিক বিমানে নেওয়ার প্রস্তাব দিয়েছে ভারত। তবে প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নিতে ঢাকার কাছে দুটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে দেশটি। শর্ত দুটি হলো—বাংলাদেশ সেনাবাহিনীকে দায়িত্ব নিয়ে হাসিনাকে দেশে ফিরিয়ে নিতে হবে এবং তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল ও জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ডের অভিযোগে নতুন করে বিচারের সুযোগ নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি বাংলা ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার দুই বছরেরও বেশি সময় পর শেখ হাসিনার ভারতে অবস্থান এখন নয়াদিল্লির জন্য কূটনৈতিক অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এ নিয়ে সমালোচনার মুখে পড়ছে ভারত।

বাংলাদেশের একটি আদালতে জুলাই ২০২৪-এর আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় হওয়ার পরও তাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, শুরুতে ভারত চেয়েছিল শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দিতে। এ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে দিল্লি একাধিকবার আলোচনা করলেও নানা কারণে সেই উদ্যোগ সফল হয়নি।

এখন ভারতীয় নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিয়ে দেশটির বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করাই সমস্যার বাস্তবসম্মত সমাধান হতে পারে।

ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থানের ক্ষেত্রেও শেখ হাসিনার দেশে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লি। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং শীর্ষ নেতৃত্বের অনিশ্চয়তার মধ্যে হাসিনার প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ভারত।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে ভারতের প্রথম শর্ত হলো, বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি এ প্রক্রিয়ার দায়িত্ব নিতে হবে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনা বাংলাদেশ বিমানবাহিনীর একটি সামরিক বিমানে ভারতে পৌঁছেছিলেন। ভারত এখন চাইছে, একইভাবে বাংলাদেশের সামরিক বাহিনী দায়িত্ব নিয়ে তাকে দেশে ফিরিয়ে নিক।

এ জন্য দুটি বিকল্পের কথা বিবেচনা করছে নয়াদিল্লি। প্রথমত, বাংলাদেশ থেকে একটি সামরিক বিমান দিল্লিতে পাঠিয়ে হাসিনাকে ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, স্থলসীমান্তের নির্ধারিত কোনো স্থানে বাংলাদেশের সামরিক কর্মকর্তারা তাকে গ্রহণ করবেন।

বিবিসির দাবি, দুই পদ্ধতির যেকোনো একটিতে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিতে প্রস্তুত ভারত।

ভারতের দ্বিতীয় শর্তটি বিচারিক প্রক্রিয়াকে কেন্দ্র করে। দিল্লি চায়, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়ার নিশ্চয়তা দিক। পাশাপাশি জুলাই ২০২৪-এর হত্যাকাণ্ডের অভিযোগে তার বিচার নতুন করে করার সুযোগ নিশ্চিত করতে হবে।

তবে বাংলাদেশের বিচারব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ করছে—এমন কোনো ধারণা তৈরি হোক, তা চায় না ভারত।

বিবিসিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমরা কখনো জেনেশুনে তাকে ফাঁসির মুখে ঠেলে দিতে পারি না। বরং আমরা চাই, তিনি নতুন করে একটি সুষ্ঠু বিচারের সুযোগ পান।’

ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, ভারত চাইবে, বিচারিক কার্যক্রম আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারিতে অনুষ্ঠিত হোক।

প্রত্যাবর্তনের পর শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও ভারতের কাছে গুরুত্বপূর্ণ। বিবিসির সঙ্গে কথা বলা একজন ভারতীয় সামরিক কর্মকর্তা জানিয়েছেন, দেশে ফেরার পর হাসিনার নিরাপত্তা যেন কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে, সে নিশ্চয়তা চায় নয়াদিল্লি।

এ ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীকে তার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মনে করছে ভারত।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ফেরানোর জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে কয়েক মাস ধরে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চিঠি বা ‘নোট ভারবাল’-এর মাধ্যমে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানায়। এরপর কয়েক দফায় তাগিদও দেওয়া হয়। তবে ভারত এখন পর্যন্ত বাংলাদেশের অনুরোধ গ্রহণ বা প্রত্যাখ্যান—কোনোটিই করেনি।

এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার জানিয়েছে, বিষয়টি আইনি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে।

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির কিছু আইনি বিধান ও ব্যাখ্যার সুযোগ ব্যবহার করে দিল্লি সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করছে বলেও বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর যোগাযোগও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবরের প্রথম সপ্তাহে বাংলাদেশে নিযুক্ত তৎকালীন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লি সফর করেন। ওই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও বৈঠক করেন।

ভারতের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বিশেষ কোনো পরিস্থিতি না থাকলে বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানের বৈঠকের আলাদা কোনো কারণ থাকার কথা নয়।

বিবিসির সূত্রের ধারণা, শেখ হাসিনার প্রত্যাবর্তনে সামরিক বাহিনীর সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়টি ওই আলোচনায় উঠে এসে থাকতে পারে।

গত দুই থেকে আড়াই বছরে ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কে নানা টানাপোড়েন থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ভারতীয় সেনাপ্রধানদের নিয়মিত যোগাযোগের বিষয়টিও বিবিসির প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার প্রকাশ্যে শেখ হাসিনাকে ফেরত চাইলেও বাস্তবে তার প্রত্যাবর্তন নিয়ে ঢাকার রাজনৈতিক হিসাব ভিন্ন হতে পারে বলে সন্দেহ করছে ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

তাদের ধারণা, জ্বালানি খাতের সংকট, পোশাকশ্রমিকদের আন্দোলনসহ বিভিন্ন অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরা নতুন রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে পারে।

তবে বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়নি। এটি ভারতীয় কর্মকর্তাদের মূল্যায়ন ও ধারণা হিসেবেই বিবিসির প্রতিবেদনে এসেছে।

এর আগে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ২০২৬ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে ফেরার নির্দিষ্ট তারিখ জানাননি তিনি।

বিবিসির দাবি, ভারতের কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার পরই হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণা দিয়েছিলেন। ভারতে আশ্রয় নেওয়া বিদেশি নাগরিকদের সঙ্গে দেশটির কর্তৃপক্ষ নিয়মিত ব্রিফিং করে থাকে। শেখ হাসিনাকেও এসব ব্রিফিংয়ে ভারতের অবস্থান সম্পর্কে জানানো হয়েছে।

তবে ভারত যে শর্তগুলো দিয়েছে, সেগুলো পূরণ করা সহজ হবে না বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। ফলে বড় ধরনের কোনো পরিবর্তন না এলে ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে ফেরা নিয়ে সংশয় রয়েছে।

বিবিসির প্রতিবেদনে সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, শেখ হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরতে না পারলেও তার ফেরার ইচ্ছা প্রকাশকে কূটনৈতিকভাবে কাজে লাগাতে পারে ভারত।

দিল্লির সাউথ ব্লকের একজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ভারত অন্তত বলতে পারবে—শেখ হাসিনা নিজে দেশে ফিরতে চেয়েছিলেন, কিন্তু বাংলাদেশ বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে ফিরতে দেয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণায় বাংলাদেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যেও নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবার জায়গা করে দিতে চায় ভারত—এমন ধারণাও তুলে ধরেছে বিবিসি।

২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন, তা এখনো অনিশ্চিত। তবে তিনি যদি ভারতে অবস্থান অব্যাহত রাখেন, তাহলে তাকে আশ্রয় দেওয়ার পক্ষে নতুন কূটনৈতিক যুক্তি তুলে ধরার সুযোগ পাবে নয়াদিল্লি।

সূত্রঃ বিবিসি বাংলা

এমকে

আরো পড়ুন

ভারতবিরোধী পোস্টে ‘লাভ’ ইমোজি, বাংলাদেশি ছাত্রীকে ফেরত পাঠাল এনআইটি

সিলেটের প্রবাসীদের নতুন ভোগান্তি বিমানবন্দর উন্নয়ন ও নিরাপত্তা ফি

অনলাইন ডেস্ক

বাংলাদেশের সন্তানের আমেরিকা জয়