যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের মেয়র নির্বাচন ঘিরে দীর্ঘ আইনি লড়াইয়ে নাটকীয় মোড় এসেছে। ২০২৫ সালের নির্বাচনে মাত্র ১১ ভোটের ব্যবধানে পরাজিত বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র প্রার্থী মুহিত মাহমুদের পক্ষে এবার নতুন করে ভোটের হিসাব পাল্টে গেছে। নির্বাচনের পর গণনা না হওয়া ৩৭টি ব্যালট গত ১৬ অক্টোবর ২০২৬ গণনা করা হয়েছে। এতে মুহিত মাহমুদ বর্তমান মেয়র আদম আলহারবির চেয়ে এগিয়ে গেছেন। তবে ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করা হয়নি এবং আইনি জটিলতাও রয়ে গেছে।
মার্কিন সংবাদমাধ্যম ডব্লিউডিইটি, সিবিএস ডেট্রয়েট এবং স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে আদম আলহারবি মুহিত মাহমুদকে ১১ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। কিন্তু নির্বাচনের পর ৩৭টি অনুপস্থিত ভোটের ব্যালট গণনার বাইরে থাকার বিষয়টি সামনে আসে। এসব ব্যালট গণনার দাবিতে আইনি লড়াই শুরু করেন মুহিত মাহমুদ।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালতের নির্দেশে গত ১৬ অক্টোবর ওয়েন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স ওই ৩৭টি ব্যালট গণনা করে। গণনা শেষে মুহিত মাহমুদের মোট ভোট দাঁড়ায় ২ হাজার ৮৯ এবং আদম আলহারবির ভোট দাঁড়ায় ২ হাজার ৭৭। অর্থাৎ, নতুন হিসাব অনুযায়ী মুহিত মাহমুদ ১২ ভোটে এগিয়ে রয়েছেন।
তবে এই ব্যবধানের ভিত্তিতে মুহিত মাহমুদকে এখনই আনুষ্ঠানিকভাবে মেয়র ঘোষণা করা যাচ্ছে না। গণনা করা ভোটের ফলাফল এখনো আনুষ্ঠানিক প্রত্যয়নের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি, বর্তমান মেয়র আদম আলহারবির আবাসিক যোগ্যতা নিয়ে চলমান একটি মামলাও নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণে প্রভাব ফেলতে পারে। ফলে মেয়র পদে পরিবর্তন আসবে কি না, তা নিশ্চিত হতে আরও আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়া প্রয়োজন।
মুহিত মাহমুদ বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন রাজনীতিক এবং হ্যামট্রাম্যাকের সাবেক কাউন্সিল সদস্য। তার পক্ষে নতুন ভোটের হিসাব যাওয়ায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে সম্ভাব্য ঐতিহাসিক অর্জন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। চূড়ান্ত ফল তার পক্ষে গেলে তিনি হ্যামট্রাম্যাক শহরের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার সুযোগ পাবেন।
হ্যামট্রাম্যাক শহরটি ডেট্রয়েটের কাছে অবস্থিত এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশিসহ বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের বসবাসের জন্য পরিচিত। স্থানীয় রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের অংশগ্রহণও উল্লেখযোগ্য। এমন একটি শহরের মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর এগিয়ে যাওয়া মার্কিন মূলধারার রাজনীতিতে বাংলাদেশি-আমেরিকানদের প্রতিনিধিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে উঠতে পারে।
সূত্রঃ ক্লিকঅনডেট্রয়েট\ডব্লিউডিইটি
এমকে

