TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১৪ বছরের কিশোরের টার্গেটে ছিল দুটি মসজিদঃ যুক্তরাজ্যে ডানপন্থী উগ্রবাদ আতঙ্ক

যুক্তরাজ্যে আবারও সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। দক্ষিণ লন্ডনের সাটন এলাকায় দুটি মসজিদে হামলার কথিত পরিকল্পনার অভিযোগে মাত্র ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগ গঠন করেছে মেট্রোপলিটন পুলিশ। পুলিশ বলছে, ঘটনাটি অত্যন্ত গুরুতর এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করাই স্বাভাবিক।

পুলিশ জানায়, গত ২০ জুন সাটন এলাকায় একটি গাড়ি ভাঙচুরের ঘটনার তদন্ত করতে গিয়ে ওই কিশোরকে প্রথমে আটক করা হয়। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে তদন্তকারীরা উদ্বেগজনক বেশ কিছু নথি উদ্ধার করেন। এসব তথ্য-প্রমাণের ভিত্তিতে ২০০৬ সালের টেররিজম অ্যাক্টের ধারা ৫ অনুযায়ী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।

তদন্তে পুলিশের দাবি, কিশোরটি চরম ডানপন্থী উগ্রবাদী মতাদর্শে প্রভাবিত হয়ে সাটন এলাকার দুটি মসজিদে হামলার পরিকল্পনা করেছিল। এ ছাড়া তার বিরুদ্ধে জাতিগত বিদ্বেষপ্রসূত ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে।

ঘটনার পর লক্ষ্যবস্তু হওয়া দুটি মসজিদের সঙ্গে যোগাযোগ করেছে মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। নিরাপত্তা জোরদার করার পাশাপাশি মসজিদ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ, সহায়তা ও আশ্বাস দেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ।

লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, এত অল্পবয়সী একজনের বিরুদ্ধে এমন গুরুতর সন্ত্রাসবাদের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, সাম্প্রতিক সময়ে শিশু ও কিশোরদের উগ্রবাদী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী বিশেষভাবে সতর্ক রয়েছে।

দক্ষিণ লন্ডনের স্থানীয় পুলিশিংয়ের দায়িত্বে থাকা ডিটেকটিভ চিফ সুপারিনটেনডেন্ট নিক ব্ল্যাকবার্ন বলেন, এ ধরনের ঘটনা মুসলিম সম্প্রদায়ের ওপর দীর্ঘমেয়াদি মানসিক প্রভাব ফেলতে পারে। তাই ক্ষতিগ্রস্ত এলাকায় অতিরিক্ত পুলিশ টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, এই অভিযোগ এমন সময়ে সামনে এলো, যখন কয়েক দিন আগেই সাফোকে একটি ইসলামিক উৎসবে কথিত হামলার হুমকির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পূর্ব লন্ডনের লেইটনে একটি মসজিদের বাইরে হামলার অভিযোগেও একজনকে আটক করা হয়েছে। ধারাবাহিক এসব ঘটনার পর মুসলিম উপাসনালয়গুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কাউন্টার টেররিজম পুলিশ অভিভাবক, শিক্ষক এবং তরুণদের সঙ্গে কাজ করেন এমন ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে, কোনো শিশু বা কিশোর উগ্রবাদী মতাদর্শে জড়িয়ে পড়ছে বলে সন্দেহ হলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নিতে।

বর্তমানে অভিযুক্ত কিশোর পুলিশ হেফাজতে রয়েছে। তাকে আগামীকাল ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে হাজির করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানা যায়।

সূত্রঃ জিবি নিউজ

এম.কে

আরো পড়ুন

প্রজন্মের সবচেয়ে কঠোর প্রাণীকল্যাণ নীতি আনছে যুক্তরাজ্যের লেবার সরকার

যুক্তরাজ্যের লন্ডনে খোলার পাঁচ দিনের মাথায় বর্ণবাদী হামলার শিকার এক রেস্তোরাঁ মালিক

ব্র্যাডফোর্ডে প্রকাশ্য দিবালোকে প্রবাসী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার