9.7 C
London
March 10, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল পুলিশের সেই উপকমিশনার কোহিনূর মিয়া

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া সাবেক উপকমিশনার (ডিসি) মো. কোহিনূর মিয়াকে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

 

সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি জারি করা তার বরখাস্তের আদেশটি বাতিল করা হয়েছে। একই সাথে তার বরখাস্ত থাকাকালীন সময়কে চাকরিকাল হিসেবে গণ্য করে বিধি মোতাবেক বকেয়া বেতন-ভাতাসহ সব ধরনের সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, দুটি বিভাগীয় মামলায় কোহিনূর মিয়াকে বরখাস্ত করা হলেও একই অভিযোগে দায়ের করা ফৌজদারি মামলাগুলোতে আদালত তাকে নির্দোষ সাব্যস্ত করে খালাস দিয়েছেন। তার দণ্ডাদেশ পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করায় বরখাস্তের আদেশটি বাতিল করা হলো। বিসিএস ১২তম ব্যাচের এই কর্মকর্তা চার-দলীয় জোট সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তবে ২০০৯ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিভিন্ন মামলার মুখে পড়েন।

কোহিনূর মিয়ার বিরুদ্ধে ২০০৬ সালে ধানমন্ডিতে শাহিন সুলতানা শান্তা নামের এক নারীকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত এই মামলায় তাকে খালাস দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সাক্ষীরা ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে উল্লেখ করায় অভিযোগ প্রমাণিত হয়নি।

এ ছাড়া ২০০৪ সালে ময়মনসিংহের নান্দাইলে পৌরসভা নির্বাচনের সময় সংঘর্ষ ও নিহতের ঘটনায় দায়ের হওয়া একটি মামলাতেও তিনি অভিযুক্ত ছিলেন। ২০১১ সালে সিআইডি তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন। এই আইনি জয় ও রাষ্ট্রপতির সম্মতির পর ১৫ বছর পর তিনি তার হারানো পদের মর্যাদা ও সুবিধাদি ফিরে পেলেন।

এম.কে

আরো পড়ুন

ডিবি ‘হেফাজতে’ থাকা ৬ সমন্বয়ককে ছেড়ে দিতে বাধ্য হল সরকার

বাংলাদেশ হতে জার্মানিতে পোশাক রপ্তানি কমল ১৫ শতাংশ

রাজনীতিতে আসা ভুল ছিল না, নির্বাচন করলে হারব নাঃ সাকিব