TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

১৯ নভেম্বর যুক্তরাজ্যে জাতীয় বিদ্যুৎ বিপর্যয়ের গুজবঃ সরাসরি নাকচ করল ন্যাশনাল গ্রিড

যুক্তরাজ্যে আগামী ১৯ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিপর্যয় বা ব্ল্যাকআউট হওয়ার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ন্যাশনাল গ্রিড। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি পোস্টের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি এ সতর্কবার্তা দিয়েছে।

ন্যাশনাল গ্রিড জানিয়েছে, ২০২৬ সালের ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টটি ভুয়া। তাই এ ধরনের তথ্য বিশ্বাস না করার পাশাপাশি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে গুজবটি রিপোর্ট করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক বিবৃতিতে ন্যাশনাল গ্রিড বলেছে, ‘আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিথ্যা পোস্ট সম্পর্কে অবগত হয়েছি। সেখানে দাবি করা হয়েছে, ২০২৬ সালের ১৯ নভেম্বর বৃহস্পতিবার ন্যাশনাল গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এমন কোনো বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা নেই। অনুগ্রহ করে পোস্টটি উপেক্ষা করুন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর বিষয়টি রিপোর্ট করুন। সঠিক তথ্যের জন্য আমাদের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যম অনুসরণ করুন।’

চলতি নভেম্বর মাসে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয় নিয়ে ইন্টারনেটে বেশ কয়েকটি গুজব ছড়িয়ে পড়েছে। এর আগে ১৭ নভেম্বর বিশ্বজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার দাবিও বিভিন্ন দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তথ্য যাচাইকারী বিভিন্ন প্রতিবেদনে এমন কোনো পরিকল্পিত বৈশ্বিক বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, ১৯ নভেম্বরের বিদ্যুৎ বিপর্যয়ের গুজবের সঙ্গে একই দিনে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬) প্রকাশের সম্ভাব্য তারিখের মিল রয়েছে। তবে গেমটির প্রকাশের তারিখকে কেন্দ্র করেই বিদ্যুৎ বিপর্যয়ের গুজব ছড়িয়েছে, এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

ন্যাশনাল গ্রিড বলেছে, বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিভ্রান্তিকর তথ্যের কারণে মানুষের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখেই তা বিশ্বাস বা প্রচার না করে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক সূত্র থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রঃ দ্য ইকো (যুক্তরাজ্য)

এমকে

আরো পড়ুন

ব্রিটেনের রাজনীতিতে কট্টর ডানপন্থার উত্থান: নাইজেল ফারাজ, রুপার্ট লো ও টমি রবিনসনের অভিবাসনবিরোধী রাজনীতি এবং আমাদের করণীয়

প্রতিজন যাত্রীর পেছনে £১৮০ খরচঃ ক্যামব্রিজশায়ারে লোকসানী বাস রুট তদন্তে কর্তৃপক্ষ

যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের জন্য নতুন শর্তঃ স্থায়ী বসবাসের আগে গুনতে হবে প্রায় ১০ হাজার পাউন্ড