12 C
London
October 26, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

২০২৭ সাল থেকে ইউরোপে মোবাইলের ব্যাটারি নিজেই বদলাতে পারবেন ব্যবহারকারীরা

ইউরোপীয় ইউনিয়নে বিক্রি হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ব্যাটারি সহজে খোলা ও পরিবর্তনযোগ্য করার জন্য নির্মাতাদের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে প্রযোজ্য শর্ত পূরণ করে বহনযোগ্য ব্যাটারি ব্যবহারকারীদের নিজেরাই খুলে পরিবর্তন করার সুযোগ থাকতে হবে।

বর্তমানে অনেক স্মার্টফোনের ব্যাটারি পরিবর্তন করতে বিশেষ সরঞ্জাম, তাপ প্রয়োগের যন্ত্র কিংবা মেরামতকেন্দ্রের সহায়তা প্রয়োজন হয়। নতুন নিয়মের লক্ষ্য হলো ব্যাটারি পরিবর্তন সহজ করা এবং ব্যাটারি নষ্ট হলে পুরো ফোন বদলে ফেলার প্রয়োজন কমানো।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ফোন নির্মাতাদের ব্যাটারির নকশায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। পাশাপাশি কোনো নির্দিষ্ট মডেলের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পরও ওই মডেলের জন্য অতিরিক্ত ব্যাটারি অন্তত পাঁচ বছর বা তার বেশি সময় বাজারে রাখার শর্তের কথাও উল্লেখ করা হয়েছে।

এই উদ্যোগের ফলে ব্যবহারকারীরা ব্যাটারি দুর্বল হয়ে গেলে তুলনামূলক সহজে সেটি পরিবর্তন করতে পারবেন। এতে ফোনের ব্যবহারকাল বাড়তে পারে এবং ইলেকট্রনিক বর্জ্য কমাতেও সহায়তা হতে পারে।

ইউরোপীয় ইউনিয়নের এই উদ্যোগের পর যুক্তরাষ্ট্রেও একই ধরনের নিয়ম চালু করা উচিত কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে যুক্তরাষ্ট্রে একই সময়সীমা কার্যকর করার কোনো সিদ্ধান্তের কথা এই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্রঃ ইউরোপীয় কমিশন ও কমপ্লায়েন্সগেট

এমকে

আরো পড়ুন

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান

‘আগামী দুই দিনের মধ্যে’ আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরানঃ ট্রাম্প

ভারতীয় জাহাজে মার্কিন হামলার অভিযোগঃ ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে উদ্ধার ২৪ ভারতীয় নাবিক