12.9 C
London
March 9, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

২৮ বছর পরও ব্রিটেনে থাকার লড়াইঃ বাংলাদেশি মুন্না মিয়ার মামলা আবার শুনানি

যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করার প্রায় তিন দশক পরও দেশটিতে থাকার জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বাংলাদেশি নাগরিক মুন্না মিয়া। ১৯৯৮ সালে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করার পর থেকে তাকে দেশে ফেরত পাঠানোর চেষ্টা চললেও তিনি ধারাবাহিকভাবে আদালতের দ্বারস্থ হয়ে আপিল করে আসছেন। সর্বশেষ ২০২৬ সালের মার্চে এক সিনিয়র জাজের নতুন রায়ের পর তার মামলাটি আবারও রিহিয়ারিংয়ের জন্য নির্ধারিত হয়েছে।

দীর্ঘ ২৮ বছর ধরে চলতে থাকা এই আইনি লড়াইকে যুক্তরাজ্যের অন্যতম দীর্ঘমেয়াদি ইমিগ্রেশন ডিসপিউট হিসেবে দেখা হচ্ছে। মুন্না মিয়া যুক্তরাজ্যে প্রবেশের পরপরই অ্যাসাইলাম দাবি করেছিলেন। এরপর থেকে বিভিন্ন পর্যায়ে তার বিরুদ্ধে ডিপোর্টেশন প্রক্রিয়া শুরু হলেও তিনি ধারাবাহিকভাবে আপিল ও আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা যুক্তরাজ্যের অ্যাসাইলাম সিস্টেমের দীর্ঘদিনের জটিলতার একটি উদাহরণ। অনেক ক্ষেত্রে ইমিগ্রেশন ও অ্যাসাইলাম সংক্রান্ত মামলাগুলো বছরের পর বছর ধরে চলতে থাকে। ফলে আদালতে আপিল, নতুন শুনানি এবং বিভিন্ন আইনি প্রক্রিয়ার কারণে অনেক মামলাই কয়েক দশক পর্যন্ত গড়ায়।

তবে সাম্প্রতিক সময়ে ব্রিটিশ সরকারের উদ্যোগে অ্যাসাইলাম সিস্টেমে জমে থাকা মামলার ব্যাকলগ কিছুটা কমেছে বলে দাবি করা হচ্ছে। তবুও পুরনো অনেক মামলা এখনো বিচারাধীন রয়েছে, যার মধ্যে মুন্না মিয়ার মামলাটি অন্যতম আলোচিত উদাহরণ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করা একটি ক্রিমিনাল অফেন্স হলেও নির্দিষ্ট সময় ধরে দেশটিতে বসবাস করলে কিছু ক্ষেত্রে লিভ টু রিমেইনের জন্য আবেদন করার সুযোগ থাকে। ইমিগ্র্যান্টদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্র্যান্টস জানিয়েছে, কেউ যদি যুক্তরাজ্যে টানা ২০ বছর বসবাস করেন, তাহলে তিনি বিশেষ পরিস্থিতিতে লিভ টু রিমেইনের আবেদন করতে পারেন।

মুন্না মিয়ার মামলার নতুন শুনানিকে কেন্দ্র করে আবারও যুক্তরাজ্যের ইমিগ্রেশন নীতি, অ্যাসাইলাম প্রক্রিয়া এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বিষয়, আসন্ন রিহিয়ারিংয়ে আদালত তার ভাগ্যে কী সিদ্ধান্ত দেয়।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা প্রকাশ,আছে বাংলাদেশও

সাবেক কাউন্সিলর আফতাবের বাসা থেকে বিপুল অস্ত্র উদ্ধার

‘কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করলেন ড. ইউনূস