মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি মোতায়েনের সময় যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে থাকা আটজন নৌসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ডকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন। চিঠিটি স্কাই নিউজের মার্কিন অংশীদার নেটওয়ার্ক এনবিসি নিউজের হাতে এসেছে।
হাং কাও জানান, আত্মহত্যার চেষ্টা করা আটজনের মধ্যে রণতরীটির ক্রু, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ ও ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের সদস্য, রণতরীটির সঙ্গে থাকা ডেস্ট্রয়ারের সদস্য এবং বিভিন্ন বিমান স্কোয়াড্রনে দায়িত্ব পালন করা নৌসদস্য রয়েছেন।
তবে এই দীর্ঘ মোতায়েনের সময় আত্মহত্যার কারণে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে চিঠিতে জানানো হয়েছে।
ইউএসএস আব্রাহাম লিংকন টানা ২৮৬ দিন, অর্থাৎ নয় মাসেরও বেশি সময় কোনো বন্দরে না থেমে সমুদ্রে অবস্থান করেছিল। ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে সমর্থনের অংশ হিসেবে রণতরীটি এই দীর্ঘ মোতায়েনে ছিল।
রণতরীটির প্রায় ৫ হাজার সদস্যের দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান এবং তাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আগে থেকেই পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন। দীর্ঘ মোতায়েনের পাশাপাশি জাহাজটির পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠে।
সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড এর আগে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পাঠানো চিঠিতে রণতরীটির পরিস্থিতি ও সরবরাহকে ‘গুরুতর এবং অবনতিশীল’ বলে উদ্বেগ জানিয়েছিলেন। হাং কাও তার চিঠিতে সিনেটরের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রণতরীতে দীর্ঘ সময় অবস্থানের কারণে নৌসদস্যদের ওপর প্রভাব নিয়ে উদ্বেগকে খাটো করে দেখিয়েছিলেন। রণতরীটিতে এত দীর্ঘ সময় অবস্থান অতিরিক্ত কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, মোতায়েনের সময়কাল ‘যথেষ্ট দীর্ঘও হয়নি’।
সাধারণত একটি মার্কিন নৌ মোতায়েন ছয় থেকে সাত মাস স্থায়ী হয় এবং এ সময় নিয়মিত বন্দরে থেমে রসদ সংগ্রহ করা হয়।
ইউএসএস আব্রাহাম লিংকন গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্র থেকে যাত্রা শুরু করে। প্রথমে মে মাসে এর মোতায়েন শেষ হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর তা বাড়ানো হয়।
চলতি মাসে রণতরীটি থাইল্যান্ডে থেমেছে। এরপর গুয়ামে থামার পর এটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর দিকে যাত্রা করছে। রণতরীটির পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মোতায়েন করা হয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছিল, রণতরীটিতে আত্মহত্যার চিন্তা বা আত্মহত্যার চেষ্টার সংখ্যা বেড়েছে—এমন কোনো বৃদ্ধি কর্মকর্তারা পর্যবেক্ষণ করেননি। একই সঙ্গে নৌবাহিনী জানিয়েছিল, সদস্যদের স্বাস্থ্য তাদের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইউএসএস আব্রাহাম লিংকনে পাঁচজন চ্যাপলিন, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, একজন ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার, আচরণগত স্বাস্থ্যবিষয়ক টেকনিশিয়ান এবং একজন সমন্বিত প্রতিরোধবিষয়ক পরামর্শদাতা রয়েছেন। নৌসদস্যদের প্রয়োজন অনুযায়ী তাদের সহায়তা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, আত্মহত্যার পেছনে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে সামাজিক সংযোগের অভাব ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সংকট রয়েছে। আত্মহত্যা প্রতিরোধ এবং আত্মহত্যার ঘটনার পর সহায়তা দেওয়ার কার্যক্রমকে তারা অগ্রাধিকার হিসেবে দেখছে।
সূত্রঃ স্কাই নিউজ
এমকে

