TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

অক্সফোর্ডে পুরুষ শিক্ষকের পোশাক নিয়ে তীব্র বিতর্কঃ কৃত্রিম স্তন পরে ক্লাস নেয়ার অভিযোগ

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক পুরুষ শিক্ষকের পোশাক ও বাহ্যিক সাজসজ্জা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বায়োকেমিস্ট্রির প্রভাষক ম্যাট র‍্যাটলি বড় আকারের কৃত্রিম স্তন, ভারী মেকআপ, লো-কাট টপ ও খোলামেলা পোশাক পরে ক্লাস নেওয়ায় কয়েকজন সাবেক শিক্ষার্থী, নারী শিক্ষক ও অভিভাবক অস্বস্তি প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আপত্তি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

 

সেন্ট হিলডা’স কলেজের এই প্রভাষককে সম্প্রতি শ্রেণিকক্ষে কৃত্রিম স্তন, লম্বা দাড়ি, উজ্জ্বল লিপস্টিক, নেইলপলিশ ও হাই হিল পরা অবস্থায় দেখা গেছে। তার পোশাকের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়। কয়েকজন সাবেক শিক্ষার্থী ও নারী অধিকার সংগঠনও এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে।

এক সাবেক শিক্ষার্থী ডেইলি মেইলকে বলেন, র‍্যাটলির কৃত্রিম স্তন তাকে অস্বস্তিতে ফেলেছিল। কিন্তু অক্সফোর্ডে তার মনে হয়েছিল, নারীদের অস্বস্তির কোনো গুরুত্ব নেই।

বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষাবিদও নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেছেন, র‍্যাটলির উপস্থিতির কারণে তিনি কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া কমিয়ে দিয়েছিলেন। তার বক্তব্য, একটি প্রশিক্ষণ সেশনে র‍্যাটলির পোশাক দেখে তিনি এবং পাশে বসা আরেক নারী এতটাই অস্বস্তিতে পড়েছিলেন যে কোথায় তাকাবেন বুঝতে পারছিলেন না। গরমের সময় আয়োজিত আরেকটি অনুষ্ঠানে তার ছোট স্কার্টের কারণে অন্তর্বাস দৃশ্যমান ছিল বলেও ওই শিক্ষাবিদ অভিযোগ করেন।

আরেক সাবেক স্নাতকোত্তর শিক্ষার্থীর দাবি, র‍্যাটলির পোশাক ও উপস্থিতি তাকে অস্বস্তিতে ফেললেও এ বিষয়ে প্রশ্ন তোলা গ্রহণযোগ্য হবে না বলে তিনি বুঝতে পেরেছিলেন। বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের অনেকে র‍্যাটলিকে সমর্থন করতেন। এমনকি বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি বিষয়ক প্রতিনিধির কাছেও অভিযোগ জানালে নেতিবাচকভাবে বিবেচিত হওয়ার আশঙ্কা ছিল বলে তিনি জানান।

গত ১ মে সেন্ট হিলডা’স কলেজের তিন সাবেক শিক্ষার্থী কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডেম সারাহ স্প্রিংম্যানকে চিঠি দেন। সেখানে তারা র‍্যাটলির পোশাককে ‘অত্যন্ত যৌন আবেদনময়’ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। তাদের বক্তব্য, নারীদের শিক্ষার জন্য প্রতিষ্ঠিত একটি কলেজে এ ধরনের পোশাক গ্রহণযোগ্য হতে পারে না। কর্মক্ষেত্রের যেকোনো পরিবেশেই এমন পোশাক অনুপযুক্ত বলে তারা চিঠিতে উল্লেখ করেন।

র‍্যাটলি ২০১২ সালে অক্সফোর্ডের সমারভিল কলেজ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরীক্ষায় ভালো ফলের জন্য তিনি মেরি সমারভিল পুরস্কারও পেয়েছিলেন। তিনি সংগীতেও পারদর্শী এবং বেসুন বাদ্যযন্ত্রে বিথোভেন ও বাখের সুর পরিবেশন করেছেন। গত ১৩ বছর ধরে অক্সফোর্ডের বিভিন্ন কলেজে শিক্ষকতা করছেন। ২০২৩ সাল থেকে সেন্ট হিলডা’স কলেজে পারিশ্রমিকভিত্তিক প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে র‍্যাটলি এ ধরনের পোশাক পরা শুরু করেন। প্রথম দিকে তার পরিচিতদের কেউ কেউ এটিকে কৌতুক কিংবা সামাজিক সহনশীলতা যাচাইয়ের কোনো পরীক্ষা বলে মনে করেছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি এখনো একই ধরনের পোশাক পরে শিক্ষকতা করছেন।

রাজনৈতিক ভাষ্যকার ডগলাস মারে এ বিষয়ে ‘দ্য স্পেকটেটর’ সাময়িকীতে লিখেছেন, র‍্যাটলি নারীর মতো দেখানোর চেষ্টা করছেন না; বরং নিজের উপস্থিতিকে আলাদা করে তুলে ধরতে চাইছেন। ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, র‍্যাটলি নিজেকে নারী হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন না; তার লম্বা দাড়িও দৃশ্যমান থাকে।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়কে ‘ওয়োক’ সংস্কৃতির প্রভাব নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান সিভিটাসের এক তালিকায় ১৩৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অক্সফোর্ড দ্বিতীয় অবস্থানে ছিল বলে ডেইলি মেইল জানিয়েছে।

র‍্যাটলির শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষকতার দক্ষতা নিয়ে অবশ্য ইতিবাচক মন্তব্যও রয়েছে। এক শিক্ষার্থী তাকে ভালো শিক্ষক ও প্রভাষক হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বায়োকেমিস্ট্রির শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক একটি শিক্ষাসহায়ক প্রযুক্তি তৈরির কাজও করেছেন। ওপেনএআইয়ের একটি প্রচারমূলক উপস্থাপনাতেও তার কাজের উল্লেখ রয়েছে।

ডেইলি মেইলের প্রশ্নের জবাবে র‍্যাটলি নিজে কোনো মন্তব্য করতে চাননি। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয়টি এমন একটি অন্তর্ভুক্তিমূলক ও স্বাগতপূর্ণ পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সমাজের সব সদস্য সম্মানিত ও মূল্যায়িত বোধ করবেন এবং নিজেদের মতো থাকতে পারবেন।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

লন্ডনে বাংলাদেশ ভবন ক্রয় ঘিরে ধূম্রজাল, প্রশ্নের তীরে বিদ্ধ সাইদা মুনা

বিবি স্টকহোমে আশ্রয়প্রার্থীদের সঙ্গে ‘গবাদি পশুর’ মতো আচরণ

আসছে বিনামূল্যে কোভিড পরীক্ষা বাতিলের ঘোষণা