ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (আইএলআর) পাওয়ার নিয়মে বড় পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। সাধারণ পাঁচ বছরের পরিবর্তে অধিকাংশ অভিবাসীর জন্য স্থায়ী বসবাসের যোগ্যতা অর্জনের সময়সীমা ১০ বছর করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি আয়, ইংরেজি দক্ষতা, অপরাধের রেকর্ড, সরকারি ঋণ এবং যুক্তরাজ্যে বসবাসের ইতিহাসের ওপর ভিত্তি করে নির্ধারিত হবে কে কত বছরে স্থায়ী বসবাসের অনুমতি পাবেন।
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স লাইব্রেরি ৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এসব পরিবর্তনের বিস্তারিত তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মে মাসে প্রকাশিত সরকারের অভিবাসনবিষয়ক শ্বেতপত্রের অনেক প্রস্তাব ইতোমধ্যে কার্যকর হয়েছে। তবে আইএলআর নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো এখনো চূড়ান্তভাবে অভিবাসন বিধিতে যুক্ত হয়নি।
সরকারের নতুন পরিকল্পনাটির নাম দেওয়া হয়েছে ‘আর্নড সেটেলমেন্ট’। অর্থাৎ নির্দিষ্ট সময় ব্রিটেনে বসবাস করলেই স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী হওয়ার সুযোগ থাকবে না; বরং ব্যক্তির আয়, অবদান ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করা হবে।
কারা কত বছরে আইএলআর পাবেন?
নতুন প্রস্তাবে সাধারণ যোগ্যতার সময়সীমা ১০ বছর নির্ধারণ করা হয়েছে। তবে আয় ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে কেউ কেউ এর আগেও আবেদন করতে পারবেন।
* ৩ বছর: বছরে ১ লাখ ২৫ হাজার ১৪০ পাউন্ডের বেশি আয়কারীরা নির্দিষ্ট শর্তে তিন বছরে আইএলআরের যোগ্য হতে পারেন। নির্ধারিত সময়জুড়ে এই আয়ের শর্ত পূরণ করতে হবে। গ্লোবাল ট্যালেন্টের মতো কিছু বিশেষ দক্ষতাভিত্তিক ভিসাধারীর জন্যও তিন বছরের সুযোগ থাকতে পারে।
* ৫ বছর: বছরে ৫০ হাজার ২৭০ পাউন্ডের বেশি আয়কারীরা নির্দিষ্ট শর্তে পাঁচ বছরে আবেদন করতে পারবেন। আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে অন্তত তিন বছর এই আয় থাকতে হবে।
* ৫ বছর: নির্দিষ্ট স্বাস্থ্যসেবা ও শিক্ষকতা পেশায় কর্মরত ব্যক্তিরা পাঁচ বছরের সুযোগ পেতে পারেন। ব্রিটিশ নাগরিকদের যোগ্য স্বামী-স্ত্রী, সন্তান ও বাবা-মায়ের ক্ষেত্রেও পাঁচ বছরের পথ রাখা হয়েছে।
* ১০ বছর: যারা দ্রুততর কোনো ক্যাটাগরিতে পড়বেন না, তাদের সাধারণত ১০ বছর বৈধভাবে বসবাস করতে হবে।
তবে শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসায় কাটানো সময় সাধারণ ১০ বছরের আইএলআর হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে না।
আইএলআর পেতে নতুন পাঁচটি শর্তঃ
নতুন পরিকল্পনা অনুযায়ী, বসবাসের সময়সীমা পূরণ করলেই হবে না। স্থায়ী বসবাসের আবেদনকারীদের কয়েকটি ন্যূনতম শর্ত পূরণ করতে হবে।
১. অপরাধের রেকর্ড থাকা যাবে না: শুধু কারাদণ্ড নয়, প্রাপ্তবয়স্ক অবস্থায় বিভিন্ন ধরনের আদালতের দণ্ড, জরিমানা, কমিউনিটি সাজা ও শর্তযুক্ত সতর্কতাকেও অপরাধের রেকর্ডের আওতায় বিবেচনা করা হতে পারে। এসবের কারণে স্থায়ী বসবাসের আবেদন অযোগ্য হওয়ার প্রস্তাব রয়েছে।
২. ন্যূনতম আয়: বছরে কমপক্ষে ১২ হাজার ৫৭১ পাউন্ড আয় থাকতে হবে। স্বামী-স্ত্রী দুজনের আয় একত্রে হিসাব করা যাবে। সেক্ষেত্রে যৌথ আয় হতে হবে অন্তত ২৫ হাজার ১৪২ পাউন্ড। শিশু, ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং শারীরিক বা মানসিক সমস্যার কারণে আয় করতে অক্ষম ব্যক্তিদের জন্য ছাড়ের প্রস্তাব রয়েছে।
৩. ইংরেজিতে দক্ষতা: ইংরেজি ভাষায় বি১-এর পরিবর্তে বি২ পর্যায়ের দক্ষতা প্রয়োজন হবে। অর্থাৎ আগের তুলনায় উচ্চতর ইংরেজি দক্ষতার প্রমাণ দিতে হবে।
৪. সরকারি কোনো ঋণ থাকা যাবে না: বকেয়া করসহ সরকারের কাছে কোনো ধরনের ঋণ থাকলে আইএলআর পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি হতে পারে।
৫. লাইফ ইন দ্য ইউকে পরীক্ষা: ব্রিটেনে জীবনযাপন, ইতিহাস, আইন ও সমাজ সম্পর্কে জ্ঞান যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সরকারি সুবিধা নিলে ২০ বছর অপেক্ষা?
নতুন পরিকল্পনার সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে সরকারি সুবিধা বা পাবলিক ফান্ড গ্রহণের প্রভাব।
প্রস্তাব অনুযায়ী, আইএলআরের আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে কেউ সরকারি সুবিধা গ্রহণ করলে তিন, পাঁচ ও ১০ বছরের দ্রুততর সেটেলমেন্টের সুযোগ হারাতে পারেন। সুবিধা গ্রহণ অব্যাহত থাকলে শেষ পর্যন্ত আইএলআরের জন্য ২০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
এ ছাড়া অতীতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাজ্যে অবস্থান করা বা অন্য কোনোভাবে অভিবাসন বিধি লঙ্ঘনের ইতিহাস থাকলে ২০ বছরের পথ প্রযোজ্য হতে পারে। এক্ষেত্রে বেশি আয় বা অন্য ইতিবাচক অবদান থাকলেও সময়সীমা কমানোর সুযোগ থাকবে না বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
আগে থেকেই ব্রিটেনে থাকা অভিবাসীরাও কি প্রভাবিত হবেন?
হ্যাঁ। নতুন পরিকল্পনা শুধু ভবিষ্যতে ব্রিটেনে আসা অভিবাসীদের জন্য নয়, বর্তমানে যুক্তরাজ্যে বসবাসকারীদেরও প্রভাবিত করতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সংসদে জানিয়েছেন, সাধারণ নীতি হলো—কেউ যখন আবেদন করবেন, তখন যে অভিবাসন বিধি কার্যকর থাকবে, তার ভিত্তিতেই আবেদন বিবেচনা করা হবে। তিনি আগে কখন ব্রিটেনে এসেছেন, সেটি একমাত্র বিবেচ্য বিষয় নয়।
তবে কিছু নির্দিষ্ট পেশার কর্মীদের জন্য বিশেষ অন্তর্বর্তী ব্যবস্থা রাখা হয়েছে।
কেয়ার ওয়ার্কারদের জন্য বিশেষ ব্যবস্থাঃ
১২ মে ২০২৫-এর আগে কেয়ার ভিসায় আসা এবং নির্দিষ্ট শর্ত পূরণকারী কর্মীরা পাঁচ বছরেই আইএলআরের সুযোগ ধরে রাখতে পারেন। এ ক্ষেত্রে তাদের স্পনসরড চাকরিতে থেকে বছরে অন্তত ২৫ হাজার পাউন্ড আয় করতে হবে। তবে নতুন ন্যূনতম শর্তগুলোও পূরণ করতে হবে।
একই সময়সীমার আগে আসা কিছু নার্সিং সহকারী ও শিক্ষকতা সহায়ক কর্মীর জন্যও পাঁচ বছরের সুযোগ রাখা হয়েছে।
যেসব কেয়ার ওয়ার্কার ১২ মে ২০২৫-এর আগে ভিসা পেয়েছেন, কিন্তু কাজ বা আয়ের শর্ত পূরণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ পাঁচ বছরের ভিসা বাড়ানোর ব্যবস্থা প্রস্তাব করা হয়েছে। এই ভিসা আগের নিয়োগকর্তার সঙ্গে বাধ্যতামূলকভাবে যুক্ত থাকবে না। মেয়াদ পূর্ণ হলে তারা আইএলআরের আবেদন করতে পারবেন।
আগের স্কিলড ওয়ার্কারদের জন্য ছাড়ঃ
যেসব স্কিলড ওয়ার্কার ২০২৪ সালের এপ্রিলের আগে তুলনামূলক কম বেতনসীমার অধীনে ভিসা পেয়েছেন, তারা ২০৩৫ সাল পর্যন্ত আগের শর্তে ভিসা বাড়ানোর সুযোগ পাবেন। এর উদ্দেশ্য হলো, তাদের ১০ বছরের বসবাসের যোগ্যতা অর্জনের জন্য সময় দেওয়া।
তবে শরণার্থীদের ক্ষেত্রে আগের পাঁচ বছরের সেটেলমেন্ট সুবিধা ধরে রাখার বিষয়ে পূর্বের ধারণা পরিবর্তন করেছে সরকার। ২ মার্চ ২০২৬-এর আগে আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদেরও নতুন ‘কোর প্রোটেকশন’ ব্যবস্থার আওতায় নেওয়ার কথা বলা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তাদের স্থায়ী বসবাসের জন্য ১০ থেকে ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
শরণার্থীদের জন্য ৫ থেকে ৩০ বছরঃ
নতুন পরিকল্পনায় শরণার্থী ও অন্যান্য সুরক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের জন্য আলাদা সময়সীমা রাখা হয়েছে। তাদের পরিস্থিতি অনুযায়ী পাঁচ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। এ ক্ষেত্রে সরকারের নভেম্বর ২০২৬-এর সংশোধিত পরিকল্পনায় আলাদা নিয়ম ও শ্রেণিবিন্যাস রয়েছে।
কবে থেকে কার্যকর হবে?
হাউস অব কমন্স লাইব্রেরির প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছেন, নতুন সেটেলমেন্ট বিধির পরিবর্তনগুলো ২০২৬ সালের ডিসেম্বর থেকে প্রকাশ করা শুরু হবে। এরপর ২০২৭ সালের বিভিন্ন সময়ে সেগুলো কার্যকর করা হবে।
অর্থাৎ নতুন বিধি কার্যকর হওয়ার আগ পর্যন্ত যোগ্য ব্যক্তিরা বর্তমান নিয়মে আইএলআরের আবেদন করতে পারবেন।
আগের পরিকল্পনায় কী পরিবর্তন এসেছে?
২০২৫ সালের প্রাথমিক প্রস্তাবে কিছু কম দক্ষতার পেশায় কর্মরত ব্যক্তিদের জন্য ১৫ বছরের সাধারণ সেটেলমেন্ট সময়সীমা রাখার কথা ছিল। স্বেচ্ছাসেবামূলক কাজ বা উন্নত ইংরেজি দক্ষতার ভিত্তিতে সময় কমানোর প্রস্তাবও ছিল। নতুন পরিকল্পনায় এসব প্রস্তাব বাদ দেওয়া হয়েছে।
এ ছাড়া ওয়ার্ক ভিসাধারীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের মূল ভিসাধারীর থেকে আলাদা সময়ে স্থায়ী বসবাসের যোগ্য করার প্রস্তাবও বাদ পড়েছে।
সার্বিকভাবে, নতুন ‘আর্নড সেটেলমেন্ট’ পরিকল্পনা ব্রিটেনে স্থায়ী বসবাসের প্রচলিত পাঁচ বছরের ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। তবে এখনো সব প্রস্তাব অভিবাসন বিধিতে যুক্ত হয়নি। তাই ২০২৭ সালে চূড়ান্ত বিধি প্রকাশের আগে কোনো প্রস্তাবকেই কার্যকর আইন হিসেবে বিবেচনা করা যাবে না।
সূত্রঃ ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স লাইব্রেরি
এমকে

