TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে নতুন ভাড়া আইনে বিপাকে যৌথ ভাড়াটিয়ারাঃ জানেন না ৬৭ শতাংশ

ইংল্যান্ডে নতুন ভাড়া আইন কার্যকর হওয়ার পর যৌথভাবে বাড়ি ভাড়া নেওয়া ব্যক্তিদের জন্য তৈরি হয়েছে নতুন উদ্বেগ। একই বাড়িতে একাধিক ভাড়াটিয়া থাকলে তাদের মধ্যে একজন ভাড়া চুক্তি বাতিলের নোটিশ দিলেই পুরো পরিবারের বা বাড়ির অন্য ভাড়াটিয়াদের ভাড়ার চুক্তি শেষ হয়ে যেতে পারে। অথচ নতুন এই নিয়ম সম্পর্কে জানেন না ৬৭ শতাংশ ভাড়াটিয়া।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মাই লন্ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডে বাড়ি ভাড়া সংক্রান্ত নতুন আইন ‘রেন্টার্স রাইটস অ্যাক্ট’ কার্যকর হওয়ার ছয় মাস পর পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। যৌথভাবে বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন এমন প্রায় ৭০০ জনের ওপর জরিপটি পরিচালনা করে শেয়ার্ড লিভিং প্ল্যাটফর্ম কোহো (COHO)।

জরিপে দেখা গেছে, ৬৭ শতাংশ উত্তরদাতা জানেন না যে যৌথ ভাড়ার চুক্তিতে একজন ভাড়াটিয়া চলে যাওয়ার নোটিশ দিলে অন্যদের চুক্তিও শেষ হয়ে যেতে পারে। ‘ওয়ান আউট, অল আউট’ নামে পরিচিত এই নিয়মের কারণে একজনের সিদ্ধান্তে পুরো বাড়ির ভাড়াটিয়াদের নতুন বাসস্থান খুঁজতে হতে পারে।

জরিপে অংশ নেওয়া যৌথ চুক্তির ভাড়াটিয়াদের মধ্যে ৪০ শতাংশ জানিয়েছেন, তারা বাড়ির অন্য বাসিন্দাদের প্রত্যাশার চেয়ে আগেই চলে যাওয়ার কথা ভাবছেন অথবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনিশ্চিত। ফলে অন্য ভাড়াটিয়ারা মাত্র দুই মাসের নোটিশে বাসস্থান পরিবর্তনের পরিস্থিতিতে পড়তে পারেন।

নতুন আইন নিয়ে উদ্বেগের বিষয় হলো, জরিপে অংশ নেওয়া ৩০ শতাংশ ভাড়াটিয়া জানিয়েছেন, এই পরিবর্তনের ফলে নিজেদের বর্তমান বাসস্থানে নিরাপত্তাবোধ কমেছে। ২০ শতাংশ এই আইনের সংশ্লিষ্ট পরিবর্তনকে ‘খুবই অসহায়ক’ বলে মনে করেছেন।

জরিপে আরও দেখা গেছে, ২৮ শতাংশ ভাড়াটিয়া চুক্তি স্বাক্ষরের সময় তাদের কী ধরনের চুক্তি দেওয়া হচ্ছে, তা বুঝতে পারেননি। প্রায় ১৫ শতাংশ জানেন না তারা যৌথ চুক্তিতে নাকি ব্যক্তিগত চুক্তিতে রয়েছেন। অন্যদিকে, ৬২ শতাংশকে মাত্র এক ধরনের ভাড়ার চুক্তির সুযোগ দেওয়া হয়েছিল। ভবিষ্যতে ৯৭ শতাংশ উত্তরদাতা ব্যক্তিগত চুক্তি পছন্দ করবেন বলে জানিয়েছেন।

কোহোর প্রধান নির্বাহী ভ্যান ভোগস্টাড বলেন, ভাড়াটিয়াদের সুরক্ষা এবং বাড়ির মান উন্নয়নের ক্ষেত্রে নতুন আইনের মৌলিক উদ্দেশ্য ইতিবাচক। তবে জরিপের ফলাফল বলছে, আইনের সূক্ষ্ম বিষয়গুলো এবং নতুন নিয়মে নিজেদের অধিকার কীভাবে পরিবর্তিত হয়েছে, তা অনেক ভাড়াটিয়া এখনো বুঝতে পারছেন না।

তিনি আরও বলেন, যৌথ ভাড়ার চুক্তি এবং তা বাতিলের নিয়ম সম্পর্কে সচেতনতা বাড়াতে বাড়ির মালিক, এজেন্ট ও ভাড়াটিয়া—সব পক্ষের দায়িত্ব রয়েছে।

নতুন আইনে বাড়ির মালিকদের ভাড়ার চুক্তির গুরুত্বপূর্ণ শর্তাবলি লিখিতভাবে ভাড়াটিয়াদের জানাতে হবে। এসব বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হলে প্রথমবার সর্বোচ্চ ৭ হাজার পাউন্ড এবং পুনরায় আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ হাজার পাউন্ড জরিমানার বিধান রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্রঃ মাই লন্ডন

এমকে

আরো পড়ুন

লন্ডনে মাইগ্রান্ট হোটেলে ছুরি নিয়ে হামলার অভিযোগে তরুণী গ্রেপ্তার

যুক্তরাজ্যে ন্যাটওয়েস্ট বন্ধ করছে আরও ৪৯ শাখা, ভোগান্তিতে পড়বেন প্রবীণ গ্রাহকরা

যুক্তরাজ্যে পারিবারিক ভিসা নিয়ে সুখবর দিলেন নতুন স্বরাষ্ট্র সচিব