19.9 C
London
October 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংল্যান্ডে ১ অক্টোবর থেকে ফ্লু টিকার নিয়মে পরিবর্তনঃ বিনামূল্যে টিকা পাবেন ৭ শ্রেণির মানুষ

শীত মৌসুমকে সামনে রেখে ইংল্যান্ডে ফ্লু ও কোভিড-১৯ টিকাদানের নিয়মে পরিবর্তন এনেছে ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস। ১ অক্টোবর থেকে আরও কিছু মানুষ বিনামূল্যে এনএইচএসের ফ্লু ও কোভিড টিকা পাওয়ার সুযোগ পাবেন। নতুন নিয়মে প্রথমবারের মতো ১৬ বছর বা তার বেশি বয়সী গৃহহীন ব্যক্তিদেরও বিনামূল্যে ফ্লু টিকার আওতায় আনা হয়েছে।

এনএইচএস জানিয়েছে, শীতকালে ফ্লু ও কোভিড-১৯-এর সংক্রমণ বাড়তে পারে এবং বিশেষ করে বয়স্ক ব্যক্তি ও নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই যোগ্য ব্যক্তিদের শীতের আগে টিকা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনএইচএসের জনস্বাস্থ্য পরামর্শক ম্যাথিউ মিসেন বলেন, শীতকালে ফ্লু ও কোভিড-১৯ ছড়িয়ে পড়ার কারণে মানুষ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে পারেন। তিনি নিজেও শীত মৌসুমে টিকা নেওয়ার কথা জানিয়ে যোগ্য সবাইকে টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তার ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে ফ্লু ও কোভিড-১৯ আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে আসতে শুরু করেছেন। এতে বোঝা যাচ্ছে, ভাইরাসগুলো এখনো ছড়িয়ে পড়ছে এবং গুরুতর অসুস্থতার কারণ হতে পারে।

এনএইচএসের পক্ষ থেকে বলা হয়েছে, টিকাদান গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি কমাতে সহায়তা করে এবং আশপাশের মানুষকেও সুরক্ষিত রাখতে ভূমিকা রাখে।

১ অক্টোবর থেকে ইংল্যান্ডে বিনামূল্যে ফ্লু টিকার জন্য যোগ্য সাতটি শ্রেণি হলো—৬৫ বছরের বেশি বয়সী মানুষ, ১৮ থেকে ৬৪ বছর বয়সী নির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তি, কেয়ার হোমের বাসিন্দা, যারা নিয়মিত অন্যের দেখাশোনা করেন এমন কেয়ারার, দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা মানুষ, ফ্রন্টলাইন স্বাস্থ্য ও সামাজিক সেবা কর্মী এবং ১৬ বছর বা তার বেশি বয়সী গৃহহীন মানুষ।

নতুন নিয়মের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো গৃহহীন মানুষদের ফ্লু টিকাদানের আওতায় অন্তর্ভুক্ত করা। এনএইচএসের পক্ষ থেকে বলা হয়েছে, শীতের ঠান্ডা ও অন্যান্য কঠিন পরিস্থিতির কারণে গৃহহীন মানুষের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে। তাদের জন্য টিকা ও স্বাস্থ্যসেবায় সহজতর প্রবেশাধিকার নিশ্চিত করাই এই পরিবর্তনের অন্যতম উদ্দেশ্য।

যোগ্য ব্যক্তিদের সুবিধা দিতে স্থানীয় পর্যায়ে ওয়াক-ইন টিকাদান কেন্দ্রও রাখা হয়েছে। ফলে আমন্ত্রণ পাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পাশাপাশি যোগ্য ব্যক্তিরা স্থানীয় ওয়াক-ইন ক্লিনিকেও যেতে পারবেন।

এনএইচএস জানিয়েছে, প্রয়োজন অনুযায়ী একই অ্যাপয়েন্টমেন্টে ফ্লু ও কোভিড-১৯—দুই টিকাই নিরাপদভাবে দেওয়া যেতে পারে। এতে শীতের আগে উভয় রোগের বিরুদ্ধে সুরক্ষা নেওয়া সহজ হবে।

সূত্রঃ বার্মিংহাম লাইভ

এমকে

আরো পড়ুন

লন্ডনের হেইনল্টে সন্ত্রাসী হামলায় একজন অপ্রাপ্তবয়স্ক বালক নিহত

যুক্তরাজ্যে নিয়ন্ত্রণের বাইরে সীমান্ত! হোম অফিসে চাপে সরকার

নিউজ ডেস্ক

লাল তালিকা থেকে মুক্তি পেলো ১১ দেশ

অনলাইন ডেস্ক