24.5 C
London
August 18, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইউক্রেনকে ব্রিটিশ ড্রোন দেওয়ায় যুক্তরাজ্যকে ‘চড়া মূল্য’ দেওয়ার হুমকি রাশিয়ার

ইউক্রেনের হাতে সরবরাহ করা ব্রিটিশ ড্রোন রাশিয়ার ভেতরে সামরিক ও শিল্প স্থাপনায় ব্যবহৃত হওয়ার বিষয়টি সামনে আসার পর যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রাশিয়ার অভিযোগ, লন্ডন ইচ্ছাকৃতভাবে ইউক্রেন যুদ্ধকে আরও তীব্র করছে এবং এর জন্য “চড়া মূল্য” দিতে হবে। অন্যদিকে ব্রিটিশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউক্রেনের প্রতি তাদের সামরিক সহায়তা অব্যাহত থাকবে এবং রুশ আগ্রাসনের বিরুদ্ধে তারা আগের মতোই কিয়েভের পাশে থাকবে।

যুক্তরাজ্যে নিযুক্ত রুশ দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ব্রিটিশ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো প্রমাণ করে যে লন্ডন সংঘাতকে আরও বাড়ানোর পথ বেছে নিয়েছে। দূতাবাসের ভাষায়, যুক্তরাজ্য যত গভীরভাবে এই যুদ্ধে জড়াবে, তত বড় মূল্য তাকে দিতে হবে। যদিও রাশিয়া কী ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি।

এর জবাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের পাশে “কাঁধে কাঁধ মিলিয়ে” দাঁড়িয়ে থাকবে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয় যে ইউক্রেন, যুক্তরাজ্য ও তাদের মিত্রদের বিরুদ্ধে রুশ আগ্রাসনের মোকাবিলায় ব্রিটিশ সরকারের অবস্থান দৃঢ় রয়েছে। একই সঙ্গে ইউক্রেনের আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে।

বিবিসির উদ্ধৃত একটি সামরিক সূত্র জানিয়েছে, দুটি ব্রিটিশ প্রতিষ্ঠানের তৈরি ড্রোন প্রথমবারের মতো রাশিয়ার গভীরে হামলায় ব্যবহার করা হয়েছে। এসব হামলায় তেল শোধনাগার, সামরিক স্থাপনা এবং রাশিয়ার বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজের গুরুত্বপূর্ণ লজিস্টিক কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু হয়েছে। ইউক্রেনের দাবি, ওয়াইল্ডবেরিজের সবচেয়ে বড় ১০টি লজিস্টিক কেন্দ্রের মধ্যে সাতটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং এই অভিযানে রাশিয়ার অর্থনীতিতে ৩৫ বিলিয়ন পাউন্ডের বেশি ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে নজিরবিহীন ড্রোন অভিযান চালিয়েছে। মস্কো অঞ্চলের দিকে মাত্র দুই দিনে শত শত ড্রোন পাঠানো হয়েছে। রুশ কর্মকর্তাদের দাবি, এক রাতেই প্রায় ৬২০টি ড্রোন মস্কোর আশপাশের অঞ্চলের দিকে আসে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ১৮০টির বেশি ড্রোন ভূপাতিত করলেও কয়েকজন আহত হন। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, এক হামলায় ১০ বছর বয়সী এক মেয়ে আহত হয়েছে এবং ওয়াইল্ডবেরিজের একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শনিবার রাতে ইউক্রেন রাশিয়ার দিকে ৮২২টি ড্রোন পাঠিয়েছিল, যার মধ্যে প্রায় ৬০০টি মস্কোকে লক্ষ্য করে ছিল। রুশ কর্মকর্তারা এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি বলে উল্লেখ করেছেন। ওই হামলায় রাশিয়ায় সাতজন নিহত হন বলে জানানো হয়।

অন্যদিকে রাশিয়াও ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ অঞ্চলের পেচেনিহি গ্রামে দুটি ক্ষেপণাস্ত্র আবাসিক বাড়ি, একটি ক্যাফে ও ডাকঘরে আঘাত করলে অন্তত ১০ জন নিহত হন। একই অঞ্চলে আরও বহু মানুষ আহত হন। সুমি, জাপোরিঝিয়া ও খেরসনেও প্রাণহানির ঘটনা ঘটেছে এবং রাজধানী কিয়েভ রাতভর একাধিক দফা হামলার মুখে পড়েছে।

ইউক্রেন এখন শুধু পশ্চিমা সহায়তার ওপর নির্ভর করছে না; দেশটি নিজস্ব প্রযুক্তিতেও অগ্রগতি করেছে। সাম্প্রতিক সময়ে দেশটি নিজস্ব ফ্লেমিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ দেশীয় ড্রোন প্রযুক্তি ব্যবহার করে রাশিয়ার গভীরে হামলার সক্ষমতা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এর ফলে যুদ্ধের কেন্দ্রবিন্দু ধীরে ধীরে সীমান্তবর্তী এলাকা থেকে রাশিয়ার অভ্যন্তরে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোর দিকে সরে যাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর থেকেই যুক্তরাজ্য কিয়েভের অন্যতম প্রধান সামরিক সহযোগী। চলতি বছর ব্রিটিশ সরকার ইউক্রেনকে ২০২৬ সালের মধ্যে দেড় লাখ ড্রোন সরবরাহের পরিকল্পনা ঘোষণা করেছে, যার অংশ হিসেবে দীর্ঘপাল্লার হামলায় সক্ষম ড্রোনও রয়েছে। এই প্রেক্ষাপটে ব্রিটিশ ড্রোনের রাশিয়ার ভেতরে প্রথম নিশ্চিত ব্যবহারের ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে।

সূত্রঃ বিবিসি

এম.কে

আরো পড়ুন

ইউরোপে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, বরিস জনসনের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক

ক্যানসার আক্রান্ত কেটের সাক্ষাৎ চান হ্যারি, ‘কাছে ঘেঁষতে’ দেবেন না উইলিয়াম

রাজা নিজ হাতে নাইট উপাধি দিলেন ডেভিড বেকহ্যামকে, ভিক্টোরিয়ার ডিজাইনেই মুগ্ধ সম্রাট