প্রায় তিন দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপজুড়ে দেখা যাবে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। আগামী ১২ আগস্ট ইউরোপের আকাশে ঘটতে যাচ্ছে একটি উল্লেখযোগ্য সূর্যগ্রহণ, যেখানে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে এসে সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে আড়াল করবে। যুক্তরাজ্যে এটি হবে আংশিক সূর্যগ্রহণ হলেও দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের প্রায় ৯০ শতাংশ পর্যন্ত ঢেকে যেতে পারে, যা ১৯৯৯ সালের পর সবচেয়ে বড় গ্রহণ হিসেবে বিবেচিত হচ্ছে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, লন্ডনে সূর্যের প্রায় ৯০ শতাংশ আড়াল হবে। কর্নওয়ালে এই হার প্রায় ৯৫ শতাংশে পৌঁছাতে পারে, আর আয়ারল্যান্ডের দক্ষিণ-পশ্চিম প্রান্তে প্রায় ৯৮ শতাংশ পর্যন্ত সূর্য ঢেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাজ্যে এটি পূর্ণ সূর্যগ্রহণ না হওয়ায় দিনের বেলায় রাতের মতো অন্ধকার নেমে আসবে না। বরং পরিবেশ অনেকটা মেঘলা বিকেল বা গোধূলির মতো অনুভূত হবে।
লন্ডনের সময় অনুযায়ী গ্রহণ শুরু হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে, আর পুরো গ্রহণ শেষ হবে রাত ৮টা ৬ মিনিটে। যেহেতু গ্রহণটি সূর্যাস্তের সময়ের কাছাকাছি ঘটবে, তাই পশ্চিম দিগন্ত পরিষ্কার দেখা যায় এমন উঁচু স্থান থেকে পুরো দৃশ্যটি সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে।
আবহাওয়ার বিষয়েও আশাবাদী হওয়ার মতো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যুক্তরাজ্যের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে শুষ্ক ও স্থিতিশীল আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কোথাও কোথাও মেঘ বা বজ্রঝড় দেখা দিতে পারে, তবুও আবহাওয়াবিদদের মতে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে পরিষ্কার আকাশ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অন্যদিকে উত্তর-পশ্চিমাঞ্চলে মেঘের আধিক্য থাকতে পারে।
শুধু যুক্তরাজ্য নয়, ইউরোপের আরও কয়েকটি অঞ্চলে এই গ্রহণ আরও নাটকীয়ভাবে দেখা যাবে। পূর্ণ সূর্যগ্রহণের পথ গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, উত্তর স্পেন এবং বালিয়ারিক দ্বীপপুঞ্জ অতিক্রম করবে। এছাড়া উত্তর রাশিয়ার একটি ছোট অঞ্চল থেকেও পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। স্পেন ও উত্তর-পশ্চিম পর্তুগালের কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগে এই বিরল দৃশ্য উপভোগ করার সুযোগ মিলবে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সূর্যগ্রহণ দেখার সময় খালি চোখে কখনোই সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। নিরাপদে দেখার জন্য অবশ্যই আন্তর্জাতিক মানের ISO 12312-2 সনদপ্রাপ্ত সোলার ভিউয়িং চশমা ব্যবহার করতে হবে। দূরবীন বা টেলিস্কোপেও বিশেষ সোলার ফিল্টার ছাড়া সূর্যের দিকে তাকানো বিপজ্জনক এবং এতে স্থায়ীভাবে চোখের ক্ষতি হতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, যারা ১২ আগস্টের এই গ্রহণ দেখতে পারবেন না, তাদের জন্য পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণের অপেক্ষা দীর্ঘ। যুক্তরাজ্যের আকাশে আরেকটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে ২০৯০ সালে। তবে এর আগে ২০২৭ সালে স্পেন, ২০৩০ সালে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কিছু অংশ, এবং ২০৪৪ ও ২০৪৫ সালে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে পূর্ণ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ থাকবে।
সূত্রঃস্কাই নিউজ
এম.কে

