ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পুনরায় শুরু করা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। সপ্তাহান্তে দুই নেতার এক ফোনালাপে পরিস্থিতি উত্তপ্ত বাকবিতণ্ডায় রূপ নেয় বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। প্রতিবেদনে ফোনালাপটিকে ‘নরক থেকে আসা চিৎকার-চেঁচামেচির লড়াই’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট (Ynet) এবং ইয়েদিওথ আহরোনথ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে নেতানিয়াহু বারবার ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার পক্ষে চাপ দেন। অন্যদিকে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। তিনি আপাতত নতুন করে সামরিক সংঘাতে না জড়িয়ে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট সমাধানের পক্ষে অবস্থান নেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে সংবাদমাধ্যম দুটি জানায়, একপর্যায়ে দুই নেতার কথোপকথন উত্তপ্ত হয়ে ওঠে এবং তা চিৎকার-চেঁচামেচিতে গড়ায়।
ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দুই নেতার মধ্যে সপ্তাহান্তে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেও কোনো ধরনের সংঘাত বা উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করার পাশাপাশি দেশটির ক্ষমতাসীন শাসনব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জের পক্ষে অবস্থান নিয়েছেন। তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও হুমকি তৈরি করছে এবং এই হুমকি স্থায়ীভাবে দূর করতে হলে দেশটির আয়াতুল্লাহ শাসনের পতন ঘটাতে হবে।
মঙ্গলবার ইসরায়েলের ২৬তম নেসেট অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে নেতানিয়াহু বলেন, ইরান নতুন করে পারমাণবিক হুমকি তৈরির চেষ্টা করছে। এই অস্তিত্বগত হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহদের শাসনের অবসান ঘটানো।
অন্যদিকে ট্রাম্প আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করতে আগ্রহী নন। তিনি সামরিক পদক্ষেপের পরিবর্তে অর্থনৈতিক চাপ প্রয়োগের কৌশল অব্যাহত রাখতে চান। তার লক্ষ্য, অর্থনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে আলোচনার টেবিলে ছাড় দিতে বাধ্য করা।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধ নিয়ে দুই নেতার মধ্যে এর আগেও একাধিকবার উত্তপ্ত ফোনালাপ হয়েছে। গত জুনেও তাদের মধ্যে কয়েক দফা মতবিরোধ দেখা দিয়েছিল। সে সময় এক ফোনালাপে নেতানিয়াহুকে ‘পাগল’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।
কয়েক দিন আগেই ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ পুনরায় শুরু করতে নেতানিয়াহু প্রতিদিন ট্রাম্পকে ফোন করে চাপ দিচ্ছেন।
এদিকে গত অক্টোবরের সাধারণ নির্বাচনে আসন হারানোর পর নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানও চ্যালেঞ্জের মুখে পড়েছে। ইসরায়েলের দীর্ঘতম সময় দায়িত্ব পালনকারী এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রোববার সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধ শুরু করার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, তার মনে হয় না এখনই যুদ্ধ পুনরায় শুরু করার কোনো কারণ রয়েছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর ইরানের হামলা অব্যাহত রয়েছে। রয়টার্সের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, যুদ্ধের বিভিন্ন পর্যায়ের তুলনায় সাম্প্রতিক সময়ে জাহাজে হামলার তীব্রতা বেড়েছে। এতে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
সব মিলিয়ে ইরান ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের কৌশলগত অবস্থানের পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। নেতানিয়াহু যেখানে সামরিক অভিযান ও শাসনব্যবস্থার পরিবর্তনকে সংকটের সমাধান হিসেবে দেখছেন, সেখানে ট্রাম্প আপাতত অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জন করতে চাইছেন।
সূত্রঃ নিউইয়র্ক পোস্ট\ওয়াইনেট
এমকে

