21 C
London
July 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইসলামি অনুষ্ঠানে হামলার জেরঃ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের পদত্যাগ দাবি রিফর্ম ইউকের

যুক্তরাজ্যের সাফোকে অনুষ্ঠিত একটি ইসলামি ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে কথিত হামলার পরিকল্পনার অভিযোগে শুরু হওয়া সন্ত্রাসবিরোধী তদন্ত নতুন মোড় নিয়েছে। তদন্তের প্রাথমিক পর্যায়ে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও পরবর্তীতে পুলিশ জানিয়েছে, ইসলামি ওই অনুষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপরাধে কাউকে অভিযুক্ত করার মতো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক সমালোচনা শুরু করেছে বিরোধী দল রিফর্ম ইউকে।

এর আগে শাবানা মাহমুদ পার্লামেন্টে বলেছিলেন, ইসলামি অনুষ্ঠানের বিরুদ্ধে কথিত চরম ডানপন্থী হামলার পরিকল্পনা নস্যাৎ করতে পুলিশের গ্রেপ্তার অভিযান নিঃসন্দেহে বহু মানুষের জীবন রক্ষা করেছে। তবে তদন্তের অগ্রগতিতে পুলিশ যখন জানায় যে কথিত ওই হামলার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তখন রিফর্ম ইউকে দাবি করে যে স্বরাষ্ট্রমন্ত্রী ভুল তথ্য দিয়ে পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন।

দলটির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করেন, শাবানা মাহমুদ একটি সন্ত্রাসী হামলার চেষ্টা হয়েছিল বলে দাবি করেছিলেন, অথচ পুলিশ এখন বলছে এমন অভিযোগ সমর্থনের মতো কোনো প্রমাণ নেই। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে মূলধারার গণমাধ্যমেরও সমালোচনা করেন।

অন্যদিকে, লন্ডনের কাউন্টার টেররিজম পুলিশিংয়ের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেছেন, সম্ভাব্য হুমকির তথ্য পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করা হয়েছিল এবং ব্যাপক অনুসন্ধান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কথিত হামলার সঙ্গে সংশ্লিষ্ট কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তিনি জানান, তদন্ত এখনও চলমান রয়েছে এবং ভবিষ্যতে জননিরাপত্তার জন্য কোনো হুমকি বা অপরাধের তথ্য পাওয়া গেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। একই সঙ্গে তিনি মুসলিম সম্প্রদায় ও সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

তদন্তের অংশ হিসেবে সন্ত্রাসবাদ আইনের ৪১ ধারায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাদের মধ্যে সাতজনকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়। এছাড়া তল্লাশিতে উদ্ধার হওয়া এক্সটেন্ডেবল ব্যাটন ও স্টান গান রাখার অভিযোগে ৪২ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে পৃথক মামলা করা হয়েছে। তবে পুলিশ স্পষ্ট করেছে, ওই অস্ত্র উদ্ধারের ঘটনা এবং তার বিরুদ্ধে আনা অভিযোগের সঙ্গে ইসলামি অনুষ্ঠানের কথিত হামলার হুমকির কোনো সম্পর্ক পাওয়া যায়নি।

এদিকে সন্ত্রাসবাদ আইন, ২০০৬-এর ৫ ধারায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আরও এক ব্যক্তিকে কঠোর শর্তে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো শেষ হয়নি এবং নতুন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের সর্বশেষ অবস্থান এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যকে ঘিরে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে এই ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সূত্রঃ দ্য ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের অক্সফোর্ড স্ট্রিটে যান চলাচল বন্ধ, পথচারীদের জন্য উন্মুক্ত হচ্ছে সড়ক

যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকার অনুমতি পাওয়া সিরিয়ান আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণ মামলা

যুক্তরাজ্যের কাজের সুযোগ বাড়ানোই এখন উপযুক্ত সময়ঃ লিজ কেন্ডাল