উটের মূত্র থেকে তৈরি ওষুধে ক্যানসার নিরাময় সম্ভব—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে নাকচ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, আলোচনায় থাকা পণ্যটি ক্যানসার বা অন্য কোনো রোগের চিকিৎসার জন্য অনুমোদিত নয়। এটি মূলত ভিটামিন ও খনিজ উপাদানসমৃদ্ধ একটি খাদ্যসম্পূরক।
সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের (এসএফডিএ) বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উটের মূত্র থেকে ক্যানসারের ওষুধ তৈরির দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে পণ্যটির অনুমোদন ও ব্যবহার সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করে।
এসএফডিএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, পণ্যটি ক্যানসারসহ কোনো রোগের চিকিৎসায় ব্যবহারের জন্য অনুমোদিত নয়। এতে শরীরের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে ব্যবহৃত বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রয়েছে। পণ্যটি খাদ্যসম্পূরক হিসেবে নিবন্ধিত হলেও তা ক্যানসার নিরাময়ের ওষুধ হিসেবে স্বীকৃত নয়।
সংস্থাটি আরও স্পষ্ট করেছে, কোনো পণ্য খাদ্যসম্পূরক হিসেবে নিবন্ধিত হওয়ার অর্থ এই নয় যে সেটি রোগের চিকিৎসায় কার্যকর বা চিকিৎসার জন্য অনুমোদিত। তাই পণ্যটির সঙ্গে ক্যানসার নিরাময়ের দাবি যুক্ত করে প্রচার করা বিভ্রান্তিকর।
ক্যানসারের মতো গুরুতর রোগের চিকিৎসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যাচাইহীন তথ্যের ওপর নির্ভর করা বিপজ্জনক হতে পারে। রোগটির চিকিৎসা নির্ধারণে চিকিৎসকের পরামর্শ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত চিকিৎসাপদ্ধতি অনুসরণ করা গুরুত্বপূর্ণ। কোনো খাদ্যসম্পূরককে চিকিৎসার বিকল্প হিসেবে ব্যবহার করার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।
সৌদি কর্তৃপক্ষের এই বক্তব্যের মাধ্যমে উটের মূত্র থেকে তৈরি পণ্যটি ক্যানসার নিরাময়ের অনুমোদিত ওষুধ—এমন দাবির সঙ্গে সরকারি অনুমোদনের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট করা হয়েছে।
সূত্রঃ গালফ নিউজ
এমকে

