উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি সম্প্রদায়ের একটি স্বেচ্ছাসেবী অ্যাম্বুলেন্স সেবার ওপর অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চারটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়ার এ ঘটনাকে ইহুদিবিদ্বেষী ঘৃণাজনিত অপরাধ হিসেবে বিবেচনা করছে মেট্রোপলিটন পুলিশ।
সোমবার ভোরে সংঘটিত এই ঘটনায় একাধিক বিস্ফোরণ ঘটে, যা অ্যাম্বুলেন্সগুলোর ভেতরে থাকা গ্যাস সিলিন্ডারের কারণে হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে লন্ডন ফায়ার ব্রিগেড। প্রায় ছয়টি ফায়ার ইঞ্জিন ও ৪০ জন দমকলকর্মী আগুন নেভাতে অংশ নেন এবং ভোর ৩টা ৬ মিনিটের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই আশপাশের বাসিন্দাদের নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়। অন্তত ৩০ জনকে স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশেপাশের বাড়িঘর খালি করা এবং সড়ক বন্ধ করে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনজন সন্দেহভাজনকে খোঁজা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আক্রান্ত অ্যাম্বুলেন্স কেন্দ্রটি একটি সিনাগগের পাশেই অবস্থিত, যা ঘটনার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে “গভীরভাবে মর্মান্তিক ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগ হামলা” হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজে এ ধরনের ঘৃণার কোনো স্থান নেই। একইভাবে স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিংও এ ঘটনার নিন্দা জানিয়ে ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
হাটজোলা নামের এই অলাভজনক সংস্থাটি ইহুদি সম্প্রদায়ের উদ্যোগে পরিচালিত, যা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা ও রোগী পরিবহন করে আসছে। ১৯৭৯ সাল থেকে গোল্ডার্স গ্রিন এলাকায় তাদের কার্যক্রম চালু রয়েছে।
এদিকে যুক্তরাজ্যে ইহুদিবিদ্বেষী ঘটনার সংখ্যা সাম্প্রতিক সময়ে বেড়েছে বলে জানিয়েছে কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট। সংস্থাটি পুলিশের তদন্তে সহায়তা করছে এবং বলেছে, বেলজিয়াম ও নেদারল্যান্ডসের সাম্প্রতিক অনুরূপ ঘটনার সঙ্গে এ হামলার মিল রয়েছে।
পুলিশ জানিয়েছে, তারা স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং এলাকায় অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় তথ্য থাকলে সংশ্লিষ্টদের সামনে আসার আহ্বান জানানো হয়েছে।
সূত্রঃ বিবিসি
এম.কে

