উত্তর সাগরে নতুন তেল ও গ্যাস উত্তোলনের অনুমোদন নিয়ে যুক্তরাজ্যের ওপর প্রকাশ্য চাপ বাড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে এবং তিনি আশা করছেন ব্রিটিশ সরকার নতুন খননের অনুমতি দেবে। ট্রাম্পের এই মন্তব্যের পর বিষয়টি যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, উত্তর সাগরের সম্পদ পুরোপুরি কাজে লাগানো হলে যুক্তরাজ্য “অনেক ধনী” হতে পারে। তার দাবি, এটি বিশ্বের অন্যতম মূল্যবান জ্বালানি সম্পদ এবং নতুন প্রকল্প চালু হলে দেশের জ্বালানি সংকটও অনেকটাই কমে যাবে।
জিবি নিউজে এ বিষয় নিয়ে আলোচনায় লেখক ও বিশ্লেষক রস ক্লার্ক বলেন, যুক্তরাজ্যের সরকারি নীতি কোনো ভিনদেশী নেতা ঘোষণা করবেন—এটি অস্বাভাবিক। তবে তার মতে, সরকার পূর্ব অ্যাবারডিনের কাছে অবস্থিত জ্যাকড’ গ্যাসক্ষেত্রে নতুন খননের অনুমতি দিতে পারে, যদিও রোজব্যাংক তেল ও গ্যাসক্ষেত্র নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
ক্লার্কের ভাষ্য অনুযায়ী, কাতার থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়া এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে যুক্তরাজ্যের অতিরিক্ত গ্যাসের প্রয়োজন রয়েছে। তিনি মনে করেন, জ্যাকড’ প্রকল্প চালু হলে চলতি শীতেই দেশের মোট গ্যাস চাহিদার প্রায় ৬ শতাংশ পূরণ করা সম্ভব হতে পারে।
তবে ট্রাম্পের মতো তিনি মনে করেন না যে শুধু নতুন খনন শুরু করলেই যুক্তরাজ্য ধনী হয়ে যাবে। তার মতে, এতে কিছুটা গ্যাস সংকট কমতে পারে এবং ভোক্তাদের জন্য দামের ওপর সীমিত ইতিবাচক প্রভাব পড়তে পারে।
অন্যদিকে যুক্তরাজ্যের জ্বালানি নিরাপত্তা ও নেট জিরো বিভাগ জানিয়েছে, উত্তর সাগর এখনো দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। সরকার বলছে, আগামী কয়েক দশক ধরে তেল ও গ্যাস জ্বালানি ব্যবস্থার অংশ থাকবে, তবে একই সঙ্গে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের পরিকল্পনাও অব্যাহত থাকবে, যাতে কর্মসংস্থান রক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলা করা যায়।
উত্তর সাগরের খনন ইস্যুতে ট্রাম্পের এটি প্রথম প্রকাশ্য চাপ নয়। এর আগেও তিনি সাবেক প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেছিলেন, যুক্তরাজ্য যদি নিজের তেল-গ্যাস সম্পদ ব্যবহার করত, তাহলে দেশটি আরও সমৃদ্ধ হতে পারত। এবার অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে একই ইস্যুতে নতুন করে চাপ বাড়ালেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্রঃ দ্য এক্সপ্রেস
এম.কে

