TV3 BANGLA
বাংলাদেশ

ঋণ ছাড়াই চীন থেকে দুটি আধুনিক জাহাজ কিনছে বাংলাদেশ শিপিং করপোরেশন

প্রথমবারের মতো কোনো ঋণ ছাড়াই চীন থেকে দুটি আধুনিক জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই জাহাজ কেনায় ব্যয় হবে ৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৪৭ কোটি ৭০ লাখ টাকা।

বিএসসির পরিচালনা পর্ষদের সর্বশেষ ৬ আগস্টের সভায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়। তবে চূড়ান্ত বাস্তবায়নের আগে প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত পরামর্শক কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদন পেলে বিএসসি নিজস্ব তহবিল থেকে অর্থ পরিশোধ করে জাহাজ দুটি অধিগ্রহণ করবে।

বর্তমানে বিএসসির বহরে ৫টি জাহাজ রয়েছে। নতুন দুটি যুক্ত হলে বহরের সংখ্যা দাঁড়াবে ৭টিতে। প্রতিষ্ঠানটির আশা, এই উদ্যোগে দেশের সামুদ্রিক পরিবহন সক্ষমতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাণিজ্যিক প্রতিযোগিতায়ও শক্তিশালী অবস্থান তৈরি হবে।

সরকারি মালিকানাধীন এই প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন ১৫২ কোটি ৫৩ লাখ টাকা। ৩০ জুন ২০২৪ পর্যন্ত হিসাব অনুযায়ী বিএসসির মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৭০৯ কোটি টাকা, রিজার্ভ সারপ্লাস ৯৩৮ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ১ হাজার ৫৫৫ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা।

এর আগে প্রায় ২৭ বছর পর ২০১৮ সালে বিএসসির বহরে সর্বশেষ দুটি জাহাজ যুক্ত হয়েছিল। চীনের জিয়াংজু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি নির্মিত ওই জাহাজগুলোর মধ্যে একটি ছিল ‘বাংলার জয়যাত্রা’। ১৮০ মিটার দৈর্ঘ্য, ৪০ মিটার প্রস্থ এবং ৯ মিটার ড্রাফট বিশিষ্ট এই জাহাজ ১৪ থেকে ১৬ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম এবং এতে রয়েছে আধুনিক ইলেকট্রনিক চার্জ সিস্টেম।

এম.কে
১০ আগস্ট ২০২৫

আরো পড়ুন

কানাডায় পুলিশ কর্মকর্তা হিসেবে যোগ দিলেন বাংলাদেশের ক্রিকেটার

তিনদিনে ৫০ কোটি টাকার অফার পেয়েছিঃ আমির হামজা

জামায়াতের প্রার্থীর সাথে ভারতের সংস্থার যোগাযোগ–বিতর্কের কেন্দ্রে জামায়াত ইসলামী