ব্রিটেনে জিসিএসই ও এ-লেভেলের কোর্সওয়ার্ক তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে প্রতারণা করলে শিক্ষার্থীদের পুরো শিক্ষাগত যোগ্যতা বাতিল হতে পারে। এমনকি এর প্রভাব তাদের ভবিষ্যৎ জীবনেও পড়তে পারে বলে সতর্ক করেছে দেশটির পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা ওফকাল।
ওফকালের প্রধান নিয়ন্ত্রক স্যার ইয়ান বকম বলেছেন, এআই দিয়ে তৈরি করা লেখা নিজের কাজ হিসেবে জমা দেওয়া গুরুতর অসদাচরণ। এ ধরনের প্রতারণা প্রমাণিত হলে চরম ক্ষেত্রে শিক্ষার্থীর সম্পূর্ণ জিসিএসই বা এ-লেভেল সনদ বাতিল করা হতে পারে।
পরিস্থিতি মোকাবিলায় কোর্সওয়ার্ক মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের কথা বিবেচনা করছে ওফকাল। এর মধ্যে রয়েছে কোর্সওয়ার্ক তৈরিতে বাড়তি তদারকি, তথ্যসূত্র উল্লেখ বাধ্যতামূলক করা এবং লিখিত কাজের সঙ্গে মৌখিক বা লিখিত পরীক্ষার সংযোগ তৈরি করা।
এক জরিপে দেখা গেছে, ইংল্যান্ডের ৭০ শতাংশ শিক্ষক মনে করেন, তদারকি ছাড়া তৈরি করা কোর্সওয়ার্কের নম্বর চূড়ান্ত ফলাফলে যুক্ত করা উচিত নয়। ৮৩ শতাংশ শিক্ষক আরও কঠোর তদারকি বা নিয়ন্ত্রণব্যবস্থা চান।
ওফকালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের গ্রীষ্মকালীন পরীক্ষায় জিসিএসই, এএস ও এ-লেভেলে এআই ব্যবহার করে নকলের ১০০টি ঘটনা প্রমাণিত হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিল ৮৫। ২০২৫ সালে শিক্ষার্থীদের প্রমাণিত মোট চৌর্যবৃত্তির ঘটনার ৭৫ শতাংশই ছিল এআই-সম্পর্কিত।
শুধু কোর্সওয়ার্ক নয়, স্মার্ট চশমা ও ক্ষুদ্র ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে পরীক্ষার হলে নকলের ঝুঁকি নিয়েও উদ্বিগ্ন ওফকাল। ২০২৭ সালের পরীক্ষার আগেই পরীক্ষার দায়িত্বে থাকা পর্যবেক্ষকদের এ ধরনের প্রযুক্তিগত প্রতারণা মোকাবিলায় প্রশিক্ষণ দেওয়ার প্রত্যাশা জানিয়েছে সংস্থাটি।
সূত্রঃ ডেইলি মিরর
এমকে

