19.1 C
London
September 28, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

​ক্যামব্রিজে ঐতিহ্যের দুই দশক: জমকালো আয়োজনে বৈশাখী কালচারাল অ্যাসোসিয়েশনের ২০ বছর পূর্তি উদযাপিত

প্রবাসের মাটিতে শেকড়ের সন্ধান এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে আগলে রাখার প্রত্যয়ে দুই দশক ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বৈশাখী বাংলাদেশি কালচারাল অ্যাসোসিয়েশন ক্যামব্রিজ। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে আবহমান বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য ছড়িয়ে দেওয়া এবং একটি ঐক্যবদ্ধ, সচেতন ও সংস্কৃতিমনা কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি ইতোমধ্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। এই গৌরবোজ্জ্বল পথচলার ২০ বছর পূর্তি উপলক্ষে ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ক্যামব্রিজে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য ও প্রাণবন্ত সাংস্কৃতিক উৎসব। আনন্দঘন এ আয়োজনে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন প্রজন্মের মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে পরিণত করে এক মিলনমেলায়।

ক্যামব্রিজের আরবারি কমিউনিটি সেন্টারে (Arbury Community Centre) বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে সংগঠনটির ২০ বছর পূর্তির মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সমাজকর্মী এবং নতুন প্রজন্মের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে।

দুই দশকের পথচলাকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠান ছিল কমিউনিটির পারস্পরিক বন্ধন, ঐক্য, সংস্কৃতি ও নতুন প্রজন্মের অংশগ্রহণের এক প্রাণবন্ত মিলনমেলা।অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল গল্প বেঙ্গল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এবং লালবাগ বাংলাদেশি ও ইন্ডিয়ান রেস্টুরেন্ট।

২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি ক্যামব্রিজ সিটি কাউন্সিলসহ স্থানীয় মূলধারার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছে। প্রবাসে নিজস্ব কৃষ্টি ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার পাশাপাশি বহুসাংস্কৃতিক সমাজে ইতিবাচক অবদান রাখতে সংগঠনটি নিয়মিত নানা উদ্যোগ পরিচালনা করে যাচ্ছে।

​প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে ছিল স্থানীয় গুণী শিল্পীদের মনমুগ্ধকর পরিবেশনায় সংগীতানুষ্ঠান, শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, উপস্থিত দর্শকদের জন্য আনন্দদায়ক খেলাধুলা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র।

​অনুষ্ঠানে সংগঠনটির নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়:

​সভাপতি: মোহাম্মদ মামুনুর রশিদ

​সাধারণ সম্পাদক: জাকির চৌধুরী

​প্রধান উপদেষ্টা (অ্যাডভাইজরি বোর্ড): মিফতাউর চৌধুরী

​সম্মাননা ও পুরস্কার প্রদান

​কমিউনিটিতে অসামান্য অবদান এবং শিক্ষাক্ষেত্রে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণী ব্যক্তি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়:

​লিগ্যাসি অব লিডারশিপ অ্যাওয়ার্ড: মিফতাউর চৌধুরী (দীর্ঘদিনের দূরদর্শী নেতৃত্ব ও সংগঠনের ধারাবাহিক অগ্রগতিতে অনন্য অবদানের জন্য)।

​ভয়েস অব দ্য কমিউনিটি অ্যাওয়ার্ড: আকরামুল হোসাইন (লন্ডন বাংলা প্রেস ক্লাব ইউকের সাধারণ সম্পাদক হিসেবে কমিউনিটির দাবি ও বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে বিশেষ ভূমিকার জন্য)।

​এডুকেশন অ্যান্ড কমিউনিটি কন্ট্রিবিউশন অ্যাওয়ার্ড: অমিয় রেজওয়ানা কবির (শিক্ষা বিস্তার ও কমিউনিটির উন্নয়নে প্রশংসনীয় অবদানের জন্য)।

​জিসিএসই (GCSE) কৃতি শিক্ষার্থী সম্মাননা:

জিসিএসই পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে চারজন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়:

১. মিহরান আলী

২. ইউসুফ এস. মন্নান

৩. মুহাম্মদ তাওহিদ উদ্দিন

৪. আমির হামজা

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বকর মসজিদের চেয়ারম্যান শামীম আহমেদ, বিসিএ (BCA) ক্যামব্রিজশায়ারের সভাপতি আব্দুল হাই, ক্যামবোর্ন কাউন্সিলর শ্রাবণা ভট্টাচার্য, বিজ্ঞানী ড. সুজিত ভট্টাচার্য, ক্যামব্রিজ কাউন্সিলর দেলওয়ার হোসাইন, গিভ আস আ লিফট (Give Us A Lift)-এর চেয়ারম্যান আমিনুল ইসলাম, লন্ডন বাংলা প্রেস ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আকরামুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আমির চৌধুরী, সলিসিটর মোহাম্মদ নাসির উদ্দিন, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শামসুল ইসলাম, বিশিষ্ট টেলিভিশন মিডিয়া মঈনুল হোসেন মুকুল, রাজনীতিবিদ শাহীন মিয়া ও নুমান খান, ব্যবসায়ী পারভেজ আহমেদ, চিকিৎসক ডা. অমিয় আহসান, চিত্রশিল্পী ও সংস্কৃতিকর্মী অদ্রিয়ন্তী রায় ঊর্মি এবং ব্যবসায়ী মোস্তফা আলীসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।

​বিগত দুই দশকের অর্জনকে স্মরণ করার পাশাপাশি এই আয়োজন ক্যামব্রিজের বাংলাদেশি কমিউনিটিকে ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধ ও সংস্কৃতিমুখী করার এক নতুন প্রেরণা জুগিয়েছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, অতীতের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বৈশাখী অ্যাসোসিয়েশন আগামী দিনগুলোতেও নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতিকে গর্বের সাথে তুলে ধরবে। পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ডা. অমিয় আহসান

কেমব্রিজ, যুক্তরাজ্য
২৮/০৯/২৬

আরো পড়ুন

দুই ডোজ টিকা নিয়ে যুক্তরাজ্যে আসতে কোয়ারেন্টিন লাগবে না

অনলাইন ডেস্ক

ব্রিটে‌নে বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ সাইবার সন্ত্রাসীর প্যারোল প্রত্যাখ্যান

‘ফিলিস্তিনিরা ইসরায়েল কর্তৃক আইনি বর্ণবৈষম্যের শিকার’: যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী