18.4 C
London
October 14, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

গাড়ির হেডলাইটে এলইডি বাল্ব ব্যবহারকারীদের নতুন নিয়মঃ এমওটি পরীক্ষায় ব্যর্থ হতে পারে গাড়ি

যুক্তরাজ্যে গাড়ির এমওটি (মোটর ভেহিকল পরীক্ষা) ব্যবস্থায় নতুন নিয়ম চালু হচ্ছে ১৪ অক্টোবর থেকে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট ধরনের হ্যালোজেন হেডলাইটে অনুমোদিত এলইডি বাল্ব ব্যবহার করা গাড়িতে বিশেষ অনুমোদন স্টিকার থাকা বাধ্যতামূলক। স্টিকার না থাকলে বা সেটিতে সমস্যা থাকলে এমওটি পরীক্ষায় গাড়ি ফেল করতে পারে।

ব্রিটেনের ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ডস এজেন্সি (ডিভিএসএ) জানিয়েছে, নতুন নিয়মটি তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও সপ্তম শ্রেণির যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসব যানবাহনের মধ্যে রয়েছে তিন চাকার যান, ব্যক্তিগত গাড়ি, নির্দিষ্ট ধরনের বড় যাত্রীবাহী যান এবং পণ্য পরিবহনের গাড়ি।

নতুন নিয়মটি কেবল সেই সব গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য, যেগুলোর মূল হ্যালোজেন হেডলাইট ইউনিটে ইসিই অনুমোদিত এলইডি রিপ্লেসমেন্ট বাল্ব লাগানো হয়েছে। মোটরসাইকেলের প্রথম ও দ্বিতীয় শ্রেণি, হ্যালোজেন হেডলাইট পরিবর্তন করে উচ্চ-তীব্রতার ডিসচার্জ বাল্ব ব্যবহার করা যানবাহন এবং সম্পূর্ণ এলইডি হেডলাইট ইউনিট প্রতিস্থাপন করা গাড়ি এই নিয়মের আওতায় পড়বে না।

অনুমোদিত এলইডি বাল্বের সঙ্গে সরবরাহ করা বিশেষ নিরাপত্তা স্টিকার গাড়িতে স্থায়ীভাবে লাগাতে হবে। স্টিকারটি এমন জায়গায় রাখতে হবে, যাতে সহজেই দেখা যায়। ডিভিএসএর মতে, গাড়ির ইঞ্জিন রাখার জায়গায় স্টিকার লাগানো যেতে পারে।

স্টিকারে বাল্বের শ্রেণি, ধরন, নির্ধারিত ভোল্টেজ, ইসিই অনুমোদন নম্বর, প্রস্তুতকারকের নাম এবং হলোগ্রামের মতো নিরাপত্তাব্যবস্থা থাকতে হবে। প্রস্তুতকারকভেদে স্টিকারের নকশা আলাদা হতে পারে, তবে প্রয়োজনীয় তথ্য ও নিরাপত্তাব্যবস্থা থাকতে হবে।

এমওটি পরীক্ষার সময় পরীক্ষকদের মূলত স্টিকারটি পরীক্ষা করতে হবে। বাল্বের অনুমোদন নম্বর, অনুমোদনের চিহ্ন কিংবা প্রস্তুতকারকের তথ্য আলাদা ডেটাবেস, নথি বা রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখার প্রয়োজন হবে না।

তবে স্টিকার না থাকলে, সেটি পড়ার অযোগ্য হলে, পরিবর্তন বা কারসাজির চিহ্ন থাকলে কিংবা গাড়িতে লাগানো বাল্বের সঙ্গে স্টিকারের তথ্যের মিল না থাকলে পরীক্ষক গাড়িটিকে এমওটি পরীক্ষায় অকৃতকার্য ঘোষণা করবেন।

ডিভিএসএর এমওটি বিভাগের প্রধান গ্রান্ট থান্ডার বলেছেন, অনুমোদিত প্রতিস্থাপনযোগ্য আলোর উৎস শনাক্ত করার বাস্তবসম্মত পদ্ধতি তৈরি করতে সংস্থাটি পরিবহন বিভাগ ও আলোক সরঞ্জাম প্রস্তুতকারকদের সঙ্গে কাজ করেছে।

তিনি বলেন, ইসিই অনুমোদিত এলইডি আলোর উৎসের সঙ্গে অনুমোদন স্টিকার দেওয়া হবে। এমওটি পরীক্ষকেরা ওই স্টিকার দেখে বুঝতে পারবেন, গাড়িতে অনুমোদিত এলইডি বাল্ব লাগানো হয়েছে কি না। এর ফলে অননুমোদিত এলইডি বাল্ব ব্যবহার করা গাড়িগুলো এমওটি পরীক্ষায় ব্যর্থ হবে।

সূত্রঃ দ্য সান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে ফ্ল্যাট মালিকদের বার্ষিক ৮৮০০ পাউন্ড সার্ভিস চার্জ বৃদ্ধিতে ক্ষোভ

যুক্তরাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিঃ ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

ব্যর্থ আশ্রয়প্রার্থীদের দেশত্যাগে অর্থ প্রদানের নীতিঃ মাহমুদ বললেন ‘ট্যাক্সদাতার জন্য সাশ্রয়’