TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ছোট নৌকায় ব্রিটেনে আসার তিন মাসের মাথায় নারীকে ধর্ষণঃ মিসরীয় অভিবাসী দোষী সাব্যস্ত

লন্ডনে হাঙ্গারফোর্ড ব্রিজের নিচে অস্থায়ী তাঁবুতে এক নারীকে দুইবার ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন ছোট নৌকায় ব্রিটেনে আসা এক মিসরীয় অভিবাসী। গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ওই নারীকে যৌন নির্যাতনের হুমকি দেওয়ার পর তাকে ধর্ষণ করেন ৩২ বছর বয়সী মুস্তাফা এলবোহি।

শুক্রবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টের জুরি বোর্ড তাকে ধর্ষণের দুটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। আগামী ১৭ নভেম্বর তার সাজা ঘোষণা করা হবে।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত বছরের ২০ সেপ্টেম্বর মধ্যরাতের কিছু পর ঘটনাটি ঘটে। ওই নারী মধ্য লন্ডনের একটি এলাকায় বসবাস করতেন। সেখানে একটি মধ্যপ্রাচ্যভিত্তিক সম্প্রদায়ের সঙ্গে তার পরিচয় ছিল এবং আরবি ভাষায় মানুষের কথাবার্তা শুনতে ভালো লাগত। এ কারণে তিনি এলবোহি ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলতে থেমেছিলেন।

একপর্যায়ে এলবোহি ওই নারীর কবজি ধরে তাকে টেনে হাঙ্গারফোর্ড ব্রিজের নিচে নিজের অস্থায়ী তাঁবুতে নিয়ে যান। এরপর মোবাইল ফোনে গুগল ট্রান্সলেটর ব্যবহার করে ওই নারীকে জানান, তিনি তার সঙ্গে যৌন সম্পর্ক করতে চান। পরে তাকে মাটিতে ফেলে দুইবার ধর্ষণ করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রিচার্ড মিলনে আদালতকে জানান, ঘটনাটি ব্রিজের নিচে ত্রিপল দিয়ে তৈরি অস্থায়ী শিবিরে ঘটে। ওই নারী প্রথমে এলবোহির সঙ্গে কথা বলার সময় কোনো বিপদ অনুভব করেননি। কিন্তু কবজি ধরে তাকে টেনে সরিয়ে নেওয়ার পর ভয় পেতে শুরু করেন। তিনি বারবার জানান, তাকে স্বামী ও সন্তানদের কাছে বাড়ি ফিরতে হবে।

আদালতে বলা হয়, একপর্যায়ে ওই নারীর আশঙ্কা হয়, এলবোহি তাকে হত্যা করতে পারেন। ধর্ষণের সময় তিনি মানসিকভাবে নিজেকে পরিস্থিতি থেকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করেন। পুলিশকে দেওয়া বক্তব্যে ওই নারী বলেন, তিনি প্রচণ্ড ভীত ছিলেন। অভিযুক্ত ব্যক্তি ছিলেন উত্তেজিত ও রাগী প্রকৃতির। চারপাশ অন্ধকার ছিল এবং সেখানে আর কেউ উপস্থিত ছিলেন না।

ঘটনার পর ওই নারী তার এক অভিনেতা বন্ধুর সঙ্গে যোগাযোগ করেন। ওই বন্ধু তখন একটি নাটকের উদ্বোধনী প্রদর্শনী শেষে ছিলেন। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে চারিং ক্রস পুলিশ স্টেশনে নিয়ে যান। সেখানে তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

মুস্তাফা এলবোহি গত বছরের ১৯ জুন ছোট নৌকায় ব্রিটেনে প্রবেশ করেন। অর্থাৎ ঘটনার প্রায় তিন মাস আগে তিনি দেশটিতে এসেছিলেন। প্রথমে তাকে একটি হোটেলে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। সেখানে তিনি আশ্রয়ের আবেদন করেন, তবে তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল।

আদালতে আরবি ভাষার দোভাষীর সহায়তা নেন এলবোহি। তিনি ধর্ষণের অভিযোগ অস্বীকার করে দাবি করেছিলেন, ওই নারী সম্মতি দিয়েই তার সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়েছিলেন। তবে জুরি বোর্ড তার দাবি গ্রহণ করেনি। দোষী সাব্যস্ত হওয়ার সময় তাকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায়।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এমকে

আরো পড়ুন

বৃটেনে নয় অন্য কোনো দেশে যেতে হবে আত্মহত্যা কর‍তে চাওয়া দুই শ্রীলঙ্কানকে

যুক্তরাজ্যের পূর্ব ইংল্যান্ডে অতিবৃষ্টি ও বন্যার সম্ভাবনা

ছোট নৌকায় প্রবেশকারীদের ILR ৩০ বছরের অপেক্ষাঃ বৈধ পথে আসাদের জন্য ৫ বছর